বিগ ব্যাশ লিগে এক বিরল দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। সিডনি সিক্সার্সের হয়ে ওপেন করতে নেমেছেন স্টিভ স্মিথ ও বাবর আজম, আর তাদের বিপক্ষে বল হাতে নিতে প্রস্তুত হোবার্ট হারিকেনসের লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিং মার্কে দাঁড়িয়েই অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু ঠিক তখনই আকাশ কালো করে নামে বৃষ্টি। মুহূর্তের মধ্যেই মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়রা, আর শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তই হয়ে যায়।
ম্যাচ পরিত্যক্ত হলেও হতাশ হওয়ার কিছু ছিল না হোবার্ট হারিকেনসের জন্য। বরং এই ফলেই এবারের বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। নয় ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩ পয়েন্ট। ছয়টি ম্যাচে জয় ও দুটি পরাজয়ের পাশাপাশি গ্রুপ পর্বে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে হোবার্টের। অন্যদিকে আট ম্যাচে চার জয়ে সিডনি সিক্সার্স অবস্থান করছে পয়েন্ট তালিকার তিন নম্বরে।
আজকের ম্যাচে স্মিথ ও বাবরের একসঙ্গে ব্যাটিং দেখার আগ্রহ ছিল তুঙ্গে। অ্যাশেজ শেষে এই ম্যাচ দিয়েই বিগ ব্যাশে ফিরেছেন স্মিথ, আর শুরু থেকেই সিডনির জার্সিতে খেলছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩৩ হাজার রানের মালিক এই দুই তারকার জুটি নিয়ে প্রত্যাশা ছিল অনেক। তবে বৃষ্টি নামার আগে পাঁচ ওভারেই থেমে যায় সিডনির ইনিংস। তখন তাদের সংগ্রহ ছিল ৩২ রান। স্মিথ ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন, বাবরের সংগ্রহ ১৪ বলে ৯ রান।
সিডনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে ম্যাচ শুরু হয়েছিল। স্বাগতিকরা ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইনিংস শুরু করে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবহাওয়া সব হিসাব ওলটপালট করে দেয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
এই একটি পয়েন্টই হোবার্টকে এনে দিয়েছে প্লে-অফের টিকিট। নয় ম্যাচ শেষে তাদের ১৩ পয়েন্ট এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে টেবিলের নিচের দলগুলোর পক্ষে আর তাদের ধরা সম্ভব নয়।
আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ব্রিসবেন হিটের ম্যাচ বাকি দুটি, আর অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদসের তিনটি করে ম্যাচ থাকলেও সর্বোচ্চ ১২ পয়েন্টের বেশি তোলা সম্ভব নয়। উল্টো শেষ ম্যাচে ব্রিসবেন হিটকে হারাতে পারলে গ্রুপ পর্ব টেবিলের শীর্ষে থাকার সুযোগও রয়েছে হোবার্টের।










Discussion about this post