সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন স্বাভাবিক ম্যাচ-পূর্ব চিত্র। বিপিএলে দিনের প্রথম ম্যাচে টস শেষ হয়েছে, রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলছেন। ঠিক সেই সময়ই হোম ড্রেসিংরুমের সামনে হঠাৎ শুরু হয় দৌড়াদৌড়ি।
মুহূর্তের মধ্যেই বদলে যায় মাঠের পরিবেশ। পরে জানা যায়, ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি অসুস্থ হয়ে মাঠে পড়ে গেছেন।
প্রথমে ঠিক কী ঘটেছে, তা বুঝতে সময় লাগে মাঠে উপস্থিত সংবাদকর্মী ও দর্শকদের। প্রেসবক্স থেকে দেখা যায়, দুই দলের ফিজিও দ্রুত দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসছেন। দূর থেকে মনে হচ্ছিল, কাউকে সিপিআর দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর স্পষ্ট হয়, আচমকাই মাটিতে লুটিয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ।
মাঠে উপস্থিত মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে মাহবুব আলী জাকিকে সিপিআর দেন। তবে শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কিংবা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়েই বিপিএল অভিযান শুরু করার কথা ছিল ঢাকা ক্যাপিটালসের। ম্যাচ শুরুর প্রায় বিশ মিনিট আগে দুই দলের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্মআপ করছিলেন। সেই সময়ই নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছিলেন মাহবুব আলী জাকি। এমন স্বাভাবিক প্রস্তুতির মধ্যেই তার হঠাৎ অসুস্থ হয়ে পড়া পুরো মাঠকে মুহূর্তে স্তব্ধ করে দেয়।
বিপিএল শুরুর আগে মাত্র দিন দুয়েক আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই কোচ। দলের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে তখন সাবলীলভাবেই কথা বলছিলেন তিনি। ঢাকার প্রথম ম্যাচের দিনও স্বাভাবিকভাবেই মাঠে নেমে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ম্যাচ শুরুর আগেই ঘটে যাওয়া এই অঘটন পুরো দল এবং ক্রিকেটাঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, মাঠে পড়ে যাওয়ার পর মাহবুব আলী জাকির অবস্থা আশঙ্কাজনক বলেই মনে হয়েছে। উৎসবমুখর বিপিএলের শুরুতেই এমন ঘটনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেমে এসেছে উৎকণ্ঠা ও শোকের আবহ। এখন সবার অপেক্ষা একটাই-হাসপাতাল থেকে তার সুস্থতার খবরে।










Discussion about this post