বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।
সাকিবকে স্বাগত জানিয়ে পোখারা অ্যাভেঞ্জার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।’
দলটির প্রকাশিত ভিডিওতেও ছিল বিশেষ আয়োজন। সেখানে সাকিবকে একটি সিংহাসনে বসানো হয়েছে, পাশে দেখা গেছে একটি ডোরাকাটা বাঘ। নেপালের নৈসর্গিক পাহাড়ি সৌন্দর্যের আবহে নির্মিত ভিডিওটির মাধ্যমে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের অর্জন ও মর্যাদাকেই তুলে ধরার চেষ্টা করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।
২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকেও ছিলেন দূরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২১ সালে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময়ই পার করছেন এই অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন টি-টোয়েন্টি আসরে নিয়মিত খেলছেন তিনি। পিএসএল ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে শিরোপাও জিতেছেন সাকিব।
চলতি বছরের লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে ৬.৩৩ ইকোনমি রেটে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এলপিএল শেষে এবার তার গন্তব্য নেপাল।
নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২৪ সালে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। দ্বিতীয় আসরে, ২০২৫ সালে, শিরোপা জেতে লুম্বিনী লায়ন্স। দুইবারই রানার্সআপ হয়েছে সুদূরপশ্চিম রয়্যালস। তৃতীয় আসর চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।
এবারের আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার অজন্তা মেন্ডিস। সাকিবকে দলে নেওয়ার ঘোষণার পর থেকেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদেরও নজর কাড়তে সক্ষম হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের ব্যস্ততা অব্যাহত থাকছে, আর সেই ধারাবাহিকতায় এবার দেখা যাবে তাকে নেপাল প্রিমিয়ার লিগের মঞ্চে।



