ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবসমূহকে সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল উদ্দেশ্য ছিল ক্লাবগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা। কিন্তু বিসিবির এই প্রচেষ্টায় সাড়া মেলেনি বয়কটের ডাক দেওয়া ৪৩ ক্লাবের কাছে।
২৫ নভেম্বর থেকে প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে ৪৩ ক্লাব আগেই বয়কটের ঘোষণা দিয়েছিল। অভিযোগের সমাধান না হওয়ায় লিগ শুরুর অনিশ্চয়তা আরও ঘনিয়েছে।
বয়কটে থাকা ক্লাব কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেয়, ২৯ নভেম্বর বিসিবির চা-চক্রেও তারা অংশ নেবেন না। বৈঠকে উপস্থিত এক শীর্ষ ক্রীড়া সংগঠক জানিয়েছেন, আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পাশাপাশি তারা লিগেও অংশ নেবেন না। একইসঙ্গে জানা গেছে, নতুন একটি ক্লাবও তাদের অবস্থানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
বিসিবির আমন্ত্রণপত্রে বলা হয়েছিল, যেকোনো অসমাধানকৃত বিষয়ে আলোচনার সুযোগ তৈরি করতেই এই চা-চক্রের আয়োজন। বোর্ডের বিশ্বাস ছিল, পারস্পরিক সহযোগিতা ও আলোচনা লিগের অচলাবস্থা কাটাতে সহায়ক হবে। কিন্তু ক্লাবগুলোর অনীহা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে প্রথম বিভাগ লিগ শুরুর অনিশ্চয়তা এখনো কাটেনি, বরং বয়কটে নতুন ক্লাব যুক্ত হওয়ায় সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে।










Discussion about this post