এশিয়া কাপে চোট পেয়ে মাঠের বাইরে থাকার পর অবশেষে দলে ফিরলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে লিটনের প্রত্যাবর্তন যেমন স্বস্তি এনেছে, তেমনি বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের আগে পাঁজরে চোট পান লিটন। এরপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন প্রায় এক মাসেরও বেশি সময়। ওই চোটের কারণে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সিরিজটি দলের বাইরে থেকেই দেখতে হয় তাকে। তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এবার আবারও ফিরছেন নেতৃত্বে।
লিটনের দলে ফেরার ফলে দল থেকে জায়গা হারিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলেও কোনো উইকেট পাননি তিনি, ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। তাই নির্বাচকদের আস্থা এবার আর পাননি এই অলরাউন্ডার।
অন্যদিকে সৌম্য সরকারও দলে জায়গা পাননি। আফগানিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতার কারণে তিনি মাঠে নামতে পারেননি। সর্বশেষ ওয়ানডেতে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পরও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন নুরুল হাসান সোহান ও জাকের আলী। পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিন, শরিফুল ও তানজিম হাসান সাকিবের সঙ্গে আছেন স্পিনার নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও অলরাউন্ডার শেখ মেহেদী।
টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।










Discussion about this post