এশিয়া কাপে সুপার ফোরের লড়াই আজ ভারত ও বাংলাদেশের মধ্যে। মাঠের ভেতর যেমন প্রস্তুতি চলছে, মাঠের বাইরে তেমনি বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণীতে সরগরম ক্রিকেট মহল। ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও ভারতের সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়া ম্যাচটিকে ঘিরে প্রকাশ করেছেন ভিন্নমুখী মতামত।
হার্শা ভোগলে বাংলাদেশের দল নিয়ে আশাবাদী। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ তামিমকে তিনি সম্ভাবনাময় জুটি হিসেবে দেখছেন। বিশেষভাবে তাওহিদ হৃদয়ের পারফরম্যান্স নিয়েও তার প্রশংসা-চার নম্বরে ব্যাট করতে নেমে হৃদয় যে দৃঢ়তা দেখাচ্ছেন, তা বাংলাদেশকে বড় ম্যাচে এগিয়ে নিতে পারে বলে মনে করছেন তিনি।
সবচেয়ে বেশি ভরসা তিনি রাখছেন মুস্তাফিজুর রহমানের ওপর। তার ভাষায়, একসময় ছন্দ হারালেও ফিজ আবার আগের মতো ধার ফিরে পাচ্ছেন। তাই ভারত ম্যাচে ‘প্লেয়ার টু ওয়াচ’ হিসেবে মুস্তাফিজকেই চিহ্নিত করেছেন ভোগলে। তবে তানজিম হাসান সাকিবকে একাদশে না রাখার বিষয়ে খানিকটা হতাশাও প্রকাশ করেছেন তিনি।
কিন্তু আকাশ চোপড়ার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। তার মতে, ভারত-বাংলাদেশ দ্বন্দ্বকে রাইভালরি বলার মতো পরিসংখ্যান নেই। ১৭টি টি-টোয়েন্টি মুখোমুখিতে ভারতের জয় ১৬, বাংলাদেশের জয় মাত্র ১-এই ব্যবধানকে আকাশ একপেশে বলেই মনে করেন।
চোপড়া মনে করেন, বাংলাদেশের ভক্তরা আবেগে উচ্ছ্বসিত হলেও দলের পারফরম্যান্স তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে বিদায়ের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে উঠা দলটিকে তিনি কৃতিত্ব দিচ্ছেন এবং বিশ্বাস করছেন ভারতকে অন্তত লড়াইয়ে রাখার সক্ষমতা রাখে বাংলাদেশ।
অন্যদিকে প্রতিপক্ষ দল ভারত নিয়েও মন্তব্য করেছেন বিশ্লেষকরা। হার্শার মতে, সূর্যকুমার যাদব হতে পারেন ম্যাচের ‘গেম চেঞ্জার’। যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে বলেও মনে করছেন তিনি।










Discussion about this post