অস্ট্রেলিয়ান ক্রিকেটে জটিলতা কাটছেই না। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহীর পদ থেকে হঠাৎ করে সরে দাঁড়ালেন জেমস সাদারল্যান্ড। বোর্ডকে ১২ মাসের সময় দিচ্ছেন যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে। সাদারল্যান্ড জানিয়েছেন, ‘আমি বোর্ডকে আমার যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে সময় দিতে চাই। নতুন যিনি দায়িত্ব নিবেন তাকে যথাযথ সহায়তা দিতে চাই। যাতে করে আমার চলে যাওয়াটা সহজ হয়। ক্রিকেটের সঙ্গে ২০ বছর কাজ করে, ১৭ বছর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আমার মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। পরিবারকে সময় দেওয়ার জন্য। আমি মনে করি সময়টা ক্রিকেটের জন্যও যথোপযুক্ত।’
এমন সিদ্ধান্তে বল টেম্পারিং কেলেঙ্কারির প্রভাব নেই বলেই দাবি সাদারল্যান্ডের। বলেন, ‘আমার সিদ্ধান্তের উপর এর কোন প্রভাব নেই। আমি প্রায় দুই বছর এই সিদ্ধান্তের কথা ভাবছিলাম।’
সাদারল্যান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ডেভিড পিভার। ‘অবিশ্বাস্যভাবে তার দায়িত্ব পালন করেছেন সাদারল্যান্ড। সব সময় সাধুতা, মহত্ব, স্বচ্ছ্বতা, আত্মমর্যাদার সঙ্গে কাজ করেছেন। তিনি ক্রিকেটের ভেতর ও বাহিরটা ভালোভাবে বুঝেই এতোবছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিঃসন্দেহে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা ক্রীড়া প্রশাসক এবং ক্রিকেট বিশ্বেও সেরা। তিনি এমনভাবে কাজ করেছেন যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া সফলতা পায় এবং তরুণ প্রজন্ম আরো শক্তিশালী হয়ে বেড়ে ওঠে।’
১৯৯৮ সাল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছেন সাদারল্যান্ড। ২০০১ সালে পান প্রধান নির্বাহীর দায়িত্ব। তার সময়কালে তিন বার ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে অস্ট্রেলিয়া। তবে তার সবচেয়ে বড় অর্জন বেতন কাঠামোর দাবিতে খেলোয়াড়দের আন্দোলনকে সফলভাবে সমাধান করা। যা তিনি করতে সক্ষম হন গত বছর।









Discussion about this post