টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে অনিশ্চয়তা ও বিতর্কের আবহে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এমন এক পরিস্থিতিতে দর্শক উপস্থিতি নিশ্চিত করতেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে ভেন্যুর ৫ ও ৭ নম্বর গেট খুলে দেওয়া হয় সাধারণ দর্শকদের জন্য। বিষয়টি আগেই জানিয়ে দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে এসএলসি জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য বিনা টিকিটে উপভোগের সুযোগ থাকবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়, যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস।
সাধারণত টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই দর্শকদের উপচে পড়া আগ্রহ। কিন্তু এবারের আসর শুরুর আগেই একাধিক ঘটনায় সেই আগ্রহে ভাটার শঙ্কা দেখা দেয়। এর কেন্দ্রে রয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিকল্প ভেন্যু চেয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেই দাবি না মেনে দলটিকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্রিকেট বিশ্বে শুরু হয় আলোচনা-সমালোচনা। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণাও দেয়। এর ফলে বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়। আইসিসির সম্ভাব্য ক্ষতির অঙ্ক কয়েক হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রচার স্বত্ব, স্পনসর আগ্রহ এবং দর্শক উপস্থিতি, সবকিছু নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা।
এই প্রেক্ষাপটে উদ্বোধনী ম্যাচ বিনা মূল্যে দর্শকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ক্ষতি সামাল দেওয়ার তাৎক্ষণিক কৌশল হিসেবে। মাঠে দর্শকের উপস্থিতি নিশ্চিত করে টুর্নামেন্টের প্রতি আস্থা ফেরানোই ছিল আয়োজকদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিতর্ক ও বয়কটের হুমকির মধ্যেও তাই কলম্বোর মাঠে বিশ্বকাপ শুরু হলো ফ্রি প্রবেশের এক ব্যতিক্রমী উদ্যোগ দিয়ে, যা আসরের বাকি ম্যাচগুলোতে দর্শক আগ্রহ কতটা ফিরিয়ে আনতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।









Discussion about this post