আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা জানিয়ে একাধিকবার আইসিসিকে মেইল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশের সেই দাবি আইসিসি মেনে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি এবং তা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হয়েছে।
ভারত থেকে শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর অনুরোধের পাশাপাশি বাংলাদেশের আরও একটি আবেদন ছিল। বিসিবি চেয়েছিল গ্রুপ পরিবর্তন করে ‘বি’ গ্রুপে যেতে, কারণ ওই গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সে ক্ষেত্রে বাংলাদেশ পুরো টুর্নামেন্টটাই শ্রীলঙ্কায় খেলার সুযোগ পেত। কিন্তু আয়ারল্যান্ড ও আইসিসি কেউই এই প্রস্তাবে সম্মতি দেয়নি। এমনকি আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কাও বাংলাদেশকে নিজেদের ‘বি’ গ্রুপে নেওয়ার পক্ষে অবস্থান নেয়নি।
গ্রুপ পরিবর্তনের বিষয়ে অনড় থাকার পেছনে আংশিক ব্যাখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসছি। মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং (শ্রীলঙ্কায়) বিভিন্ন পরিস্থিতি সামলানোর মত চিন্তাধারা থাকা আমাদের প্রস্তুতির পরিবেশে বেশ জরুরি বিষয়। মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা এবং আমাদের সামনে যে পরিস্থিতি, প্রতিপক্ষ এবং কন্ডিশন রয়েছে সেখানে নিজেদের গেইম প্ল্যান কাজে লাগিয়ে ঠিকভাবে খেলতে পারার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যেহেতু শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি সেখানে গিয়ে ছেলেদের পূর্ণ স্বাধীনতা দেখা খেলানোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি।’
‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। এই গ্রুপ বিন্যাস অপরিবর্তিত রাখার সিদ্ধান্তেই শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ খেলার পথ বন্ধ হয়ে যায়।










Discussion about this post