জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছেন তামিম ইকবাল। তবে এবার কোনো ক্রিকেটীয় পারফরম্যান্স বা ব্যক্তিগত বক্তব্য নয়, বরং সরকার গঠনের পর তিনি মন্ত্রী হতে যাচ্ছেন-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় আলোচনার কেন্দ্রে আসেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় তার নাম ঘুরতে থাকলে বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হয়। কিন্তু তামিম নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি কোনো প্রস্তাব পাননি এবং প্রচারিত খবরগুলো ভিত্তিহীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের আগে বিএনপির প্রার্থী আমিনুল হকসহ দলের অন্য প্রার্থীদের সঙ্গে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে দেখা গিয়েছিল তামিমকে। ফলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই সামাজিক মাধ্যমে তার নাম যুক্ত হয় সম্ভাব্য মন্ত্রীদের তালিকায়। এমনকি টেকনোক্র্যাট কোটায় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও গুঞ্জন ছড়ায়।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজে এক পোস্ট দিয়ে তামিম সব জল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেন। তিনি লিখেছেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতিতে সম্পৃক্ততার উদাহরণ নতুন নয়। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা খেলোয়াড়ি জীবনেই সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই প্রেক্ষাপটে তামিমের নাম নিয়েও জল্পনা তৈরি হয়। যদিও তিনি সংসদ নির্বাচনে অংশ নেননি, তবে নির্বাচনের আগে বিভিন্ন প্রচারণায় তার উপস্থিতি আলোচনার জন্ম দেয়। আগামী মঙ্গলবার সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তামিমের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম নিয়েও আলোচনা রয়েছে। তিনি ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জয়ী হতে পারেননি। ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। নেটিজেনদের একাংশের মতে, নির্বাচিত না হলেও টেকনোক্র্যাট কোটায় তিনি মন্ত্রী হতে পারেন-এমন ধারণাও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
২০২৫ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম ইকবাল। ৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৯ আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তামিম বলেছিলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’










Discussion about this post