বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও নেতৃত্ব পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছে বলে জোর আলোচনা চলছে। ফারুক আহমেদ, যিনি রাজনৈতিক পরিবর্তনের পর বোর্ডের সভাপতি হন, এবার নিজেই বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
জানা গেছে, ফারুক সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে মিলিত হন একান্ত বৈঠকে। ওই বৈঠকে তাকে জানানো হয়, সরকার বিসিবির নেতৃত্বে পরিবর্তন চায়। যদিও কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
ফারুক আহমেদ এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য না করলেও বৈঠকের সত্যতা স্বীকার করেছেন। তিনি আপাতত দুই একদিন সময় চেয়ে নিয়েছেন সিদ্ধান্ত জানানোর জন্য।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, একজন নির্বাচিত সভাপতি সরকারি হস্তক্ষেপে সরানো যাবে না-এটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কড়া নীতির অন্তর্ভুক্ত। কিন্তু যখন সরকারের ইচ্ছা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, তখন সেই সভাপতি স্বেচ্ছায় পদত্যাগ করাই হয়ে ওঠে বাস্তব সমাধান।
ফারুকের বিদায়ের সম্ভাবনা তৈরি হওয়ায়, তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে আরেক সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের নাম। বর্তমানে আইসিসিতে এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আমিনুলের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই।
সরকারের পক্ষ থেকে আমিনুলকে অন্তর্বর্তীকালীন সভাপতি অথবা একটি নির্বাচনকালীন কমিটির প্রধান হিসেবে ভাবা হচ্ছে, যদিও বোর্ডের গঠনতন্ত্রে এমন কোনও পদ নেই। পাশাপাশি, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার পদেও আমিনুলকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। নিজেই এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, এখনো তাকে নির্দিষ্ট করে সভাপতির দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়নি, তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে জানিয়েছেন, সরকার বাংলাদেশের ক্রিকেটে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চায়।



