বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে রদবদল-সব মিলিয়ে সিরিজটিকে ঘিরে দিয়েছে ভিন্নমাত্রা।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কোচিং স্টাফে। সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ এবার পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। গত কয়েক মাস ধরে টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য ছিল, আর এই দায়িত্বে সরফরাজের আসার সম্ভাবনার কথা আগেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।
দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত টেস্ট অধিনায়ক শান মাসুদ। তার নেতৃত্বেই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ-আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির লাল বলের ক্যাম্পে লাহোরে অবস্থান করছেন। এদের মধ্যে আছেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান এবং মুহাম্মদ গাজী ঘোরি। অন্যদিকে, দলের অনেক খেলোয়াড়ই ব্যস্ত রয়েছেন পাকিস্তান সুপার লিগে। তাদের নিজ নিজ দলের খেলা শেষ হলেই তারা জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।
বাংলাদেশ সফরের আগে করাচিতে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা হয়েছে, যা শুরু হবে ২৭ এপ্রিল এবং চলবে ১ মে পর্যন্ত। ক্যাম্প শেষে ২ মে পাকিস্তান দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। যদি কোনো খেলোয়াড়ের দল পিএসএলের ফাইনালে ওঠে, তাহলে তারা সরাসরি টুর্নামেন্ট শেষ করেই বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তানের টেস্ট দল
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।









Discussion about this post