পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আগেই হেরে গেছে বাংলাদেশ। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচটি শুধুই সম্মান রক্ষার। তবে এই ম্যাচে নতুন আশা জাগিয়েছেন ৩২ বছর বয়সে অভিষেক হওয়া খালেদ আহমেদ।
চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় দলে এসেছেন ডানহাতি পেসার খালেদ, যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৯২তম ক্রিকেটার হিসেবে অভিষেক করলেন। তাঁকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল।
বাংলাদেশ দলে এটিই একমাত্র পরিবর্তন। আগের দুই ম্যাচের মতোই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজানো হয়েছে। পাকিস্তানও এক পরিবর্তন এনেছে, হারিস রউফের বদলে খেলছেন আব্বাস আফ্রিদি।
তবে অধিনায়ক লিটন কুমার দাসের টস দুর্ভাগ্য চলছেই। পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর পরপর ছয় ম্যাচেই টস হেরেছেন তিনি। আজও ব্যতিক্রম হয়নি। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।
সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। এদিকে পাকিস্তানের সামনে রয়েছে একটি অর্জনের সুযোগ—২০২১ সালের পর প্রথমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি। সবশেষ তারা ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হারিয়েছিল।



