জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ এখন গড়িয়েছে মহাগুরুত্বপূর্ণ শেষ লড়াইয়ে। এমন পরিস্থিতিতে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে দলের লক্ষ্য স্পষ্ট করে জানিয়ে দিলেন ব্যাটার ইয়াসির আলি রাব্বি।
শনিবার শেষ ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাব্বি বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছিলাম যার যার জায়গা থেকে নিজের সেরাটা দেওয়ার। টিমের বন্ডিং, স্পিরিট মাথায় নিয়েই সবাই নেমেছিল- আমরা বাংলাদেশের জন্য খেলব, বাংলাদেশকে জেতাব। বেশিরভাগ ছেলের মাথায় ঐ জিনিসই ছিল।’
সফরের শুরুতে টানা ব্যর্থতায় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। বিশেষ করে জিম্বাবুয়ের পেস আক্রমণ এবং ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল টাইগারদের। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং-দুই বিভাগেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে সিরিজে ফিরেছে দল। সেই জয়ই এখন শেষ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ক্রিকেটারদের।
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে অবশ্য মাঠে অনুশীলনে নামেনি বাংলাদেশ। ব্যস্ত সূচি বিবেচনায় রেখে ক্রিকেটারদের বিশ্রাম ও পুনরুদ্ধারকেই গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে রাব্বি বলেন, ‘যেহেতু অনেকদিন ধরে খেলছি, আজ তেমন কিছু ছিল না। শুধু জিম ও রিকভারি সেশন হয়েছে যেটা আগামীকালের ম্যাচে আরেকটু ভালো করতে উজ্জীবিত করতে পারে।’
দ্বিতীয় ম্যাচের সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। সেই ম্যাচে যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছিল দল, শেষ ম্যাচেও সেটিই ধরে রাখার কথা জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার। রাব্বি বলেন, ‘আমরা গত ম্যাচ যেভাবে খেলেছি, চেষ্টা করব সেভাবেই খেলার। পজিটিভ এপ্রোচ সবসময় থাকবে। অবশ্যই চেষ্টা করব দেশকে যাতে একটি সিরিজ জেতাতে পারি।’
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। তাই ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।









Discussion about this post