২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য তিন দেশের মোট ১২টি ভেন্যুর নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ১৪ দলের এই টুর্নামেন্ট, যেখানে মোট ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ। এগুলো হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপ টাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের ম্যানগং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কু-গম্পো সিটির বাফেলো পার্ক। ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য বিবেচনায় রাখা হয়েছে ওয়ান্ডারার্স ও নিউল্যান্ডসকে।
জিম্বাবুয়ে পেয়েছে তিনটি ভেন্যু। হারারে স্পোর্টস ক্লাব ও কুইন্স স্পোর্টস ক্লাবের পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপের ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন এই স্টেডিয়ামে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশটিতে মোট ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। সেখানে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে দেশটি। এর আগে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করলেও সিনিয়র বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা তাদের নেই।
মূল টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সময়ে এই দুটি ভেন্যু নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনেরও সম্ভাব্য স্বাগতিক। কারণ ওই সময় দক্ষিণ আফ্রিকার প্রধান কয়েকটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশটির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০।
২০০৩ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। তবে এবার কেনিয়ার পরিবর্তে সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে নামিবিয়া। আইসিসি আশা করছে, আফ্রিকার তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপ মহাদেশটির ক্রিকেট বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে।



