দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম’। আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নতুন নাম হয়েছে ‘শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম’।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ছয় বছরের শিশু রিয়া গোপ। তার স্মরণে সম্প্রতি ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামও বদল করে রাখা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’।
শুধু জাতীয় ও বিভাগীয় পর্যায়েই নয়, জেলা ও উপজেলা পর্যায়েও বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নতুন নাম হয়েছে “বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম”। জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে ২টি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।
উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে, যা আগে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। এগুলোর নতুন নামকরণ প্রতিটি উপজেলার নামে করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে। স্থানীয় বীরদের স্মরণ ও ঐতিহ্য রক্ষায় এই নাম পরিবর্তন করা হয়েছে।



