২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৬ দলের এই টুর্নামেন্ট। তিন শহরের চার ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে সিলেটে।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ২১ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে স্বাগতিক দল।
২১ জানুয়ারি বিশ্বকাপের প্রথম দিন মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকালে সিলেটে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের পর একই মাঠে বিকেলে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। অন্যদিকে নেপালের কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে পরে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। বাংলাদেশের ‘সি’ গ্রুপের অন্য তিন দল অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২২ জানুয়ারি কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে ২০২৩ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ২০২৫ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় দলটি। ফলে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। টুর্নামেন্টের নকআউট পর্বের সব ম্যাচ আয়োজন করা হবে চট্টগ্রামে।
আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। কোনো কারণে নির্ধারিত দিনে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। একই মাঠে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ৭ ফেব্রুয়ারি।
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
সংযুক্ত আরব আমিরাত ২১ জানুয়ারি সিলেট
অস্ট্রেলিয়া ২৩ জানুয়ারি সিলেট
নাইজেরিয়া ২৫ জানুয়ারি সিলেট



