বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে ঘিরে কথিত দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে সাবেক বিসিবি পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম)সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) পরিচালিত তদন্তের ভিত্তিতে তিন ব্যক্তি বা অংশগ্রহণকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কথিত দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডের প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে প্রকাশ না করা, অ্যান্টি-করাপশন তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা তদন্ত বিলম্বিত করার মতো বিষয়।
অভিযোগের তালিকায় রয়েছেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
শামীমের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২.১.১ ধারায় বিপিএলের কোনো ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করা, ম্যাচ ফিক্সিং করা, ফিক্সিংয়ের পরিকল্পনা বা এ ধরনের কোনো প্রচেষ্টায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর জন্য প্রস্তাব, প্ররোচনা, উৎসাহ বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার পর তা নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়া এবং তদন্তের জন্য প্রাসঙ্গিক যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে শামীমের বিরুদ্ধে।
অন্যদিকে, সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধেও বিপিএলের ম্যাচকে অবৈধভাবে প্রভাবিত করার সঙ্গে সম্পৃক্ততা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে প্রস্তাব বা সহায়তা করার অভিযোগ রয়েছে। পাশাপাশি অ্যান্টি-করাপশন কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করা বা সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ বিবরণ যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানোর অভিযোগ রয়েছে। একই সঙ্গে তদন্তে সহযোগিতা না করা বা সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগও আনা হয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযোগের আওতায় থাকা তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে এটিকে চূড়ান্ত শাস্তি হিসেবে উল্লেখ করা হয়নি। আইসিসি অ্যান্টি-করাপশন কোডের অধীনে চলমান শাস্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য প্রত্যেককে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, চলমান প্রক্রিয়ার এই পর্যায়ে বিষয়টি নিয়ে তারা আর কোনো মন্তব্য করবে না।



