কখনো কখনো একজন ক্রিকেটারকে চিনতে তার মুখের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু বল ছাড়ার মুহূর্তের সেই চেনা ভঙ্গিটুকু। দুবাই ক্যাপিটালসের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট যেন সেটিই মনে করিয়ে দিল। নাম-পরিচয় গোপন রেখে শুধু একজন বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশনের অবয়ব প্রকাশ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু রহস্যটা টিকল না বেশিক্ষণ। ক্রিকেটপ্রেমীরা মুহূর্তেই চিনে নিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে।
দ্বিতীয়বারের মতো আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। নতুন মৌসুমের আগে তাকে ঘিরে সমর্থকদের আগ্রহ বাড়াতেই যেন অভিনব কৌশল নিয়েছিল দুবাই। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা ছবিতে মুস্তাফিজের মুখ রাখা হয়নি। ছিল শুধু বল ছোড়ার সময় তাঁর শরীরের অবয়ব।
ছবির সঙ্গে ছিল আরও একটি ইঙ্গিত-‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’ ব্যস, এতটুকুই যথেষ্ট ছিল। মন্তব্যের ঘরে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি দ্রুতই জানান দিয়ে দেয়, ধাঁধার উত্তর তাদের কাছে পরিষ্কার।
কেউ লিখেছেন ‘কাটার মাস্টার’, কেউ দিয়েছেন বাংলাদেশের পতাকা। আসলে মুস্তাফিজের ক্ষেত্রে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনও যেন কমে এসেছে। বল হাতে তাঁর কাটার আর স্লোয়ারের বৈচিত্র্যই তাকে অন্যদের থেকে আলাদা করে। ব্যাটারকে গতির হিসাবের বাইরে নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে বিভ্রান্ত করে দেওয়ার যে ক্ষমতা, সেটিই তাঁর সবচেয়ে বড় পরিচয়।
আইএল টি-টোয়েন্টিতেও মুস্তাফিজের সেই অস্ত্রের ঝলক দেখা গেছে। গত মৌসুমে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে নেমে দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তার ইকোনমি ছিল ৮.০৮। যদিও শেষ পর্যন্ত এলিমিনেটর থেকে বিদায় নেয় দুবাই। চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।
তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নিজের উপস্থিতি জানান দিতে পেরেছিলেন মুস্তাফিজ। সেই কারণেই নতুন মৌসুমে আবারও তার ওপর ভরসা রেখেছে দুবাই ক্যাপিটালস। ২২ নভেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের আইএল টি-টোয়েন্টি।



