শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সেই দ্বিস্তর ফিরে আসছে না। নিঃসন্দেহে এটি বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খুশির খবর। এ অবস্থায় প্রতিবেশী দেশ ভারতকে পাশে পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রস্তাবিত দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর।
এর আগে আইসিসি দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের প্রস্তাব উত্থাপন করলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাতে সমর্থন জানায়। কিন্তু দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে। খোদ ভারতের মতো শক্তিশালী ক্রিকেট বোর্ড এর বিপক্ষে অবস্থান নিয়েছে।
বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানালেন, ‘দেখুন, বিসিসিআই দ্বি-স্তরের টেস্ট ক্রিকেট পদ্ধতির বিপক্ষে। কারণ, এতে করে ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।’
একইসঙ্গে তিনি আরো বলেন, ‘দ্বি-স্তরে নিচের সারির দেশগুলো রাজস্ব, সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগসহ অনেক কিছু থেকে বঞ্চিত হবে। আমরা চাই না, এমনটি হোক। আমরা বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করে যেতে চাই।’



