জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের শিরোপা নির্ধারণের লড়াই জমে উঠেছে শেষ রাউন্ডে। আশরাফুল হাসানের সেঞ্চুরি ও আবু জায়েদ চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে সিলেট। তিন দিনের মধ্যেই পাওয়া এই বড় জয়ে দুটি বোনাস পয়েন্টও যোগ হয়েছে তাদের ঝুলিতে। ফলে শিরোপার দৌড়ে খুলনাকে পেছনে ফেলে শেষ মুহূর্তে নতুন সমীকরণ তৈরি করেছে ২০২৪ সালের চ্যাম্পিয়নরা।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৩৮৯ রান সংগ্রহ করে সিলেট। জবাবে বরিশালের প্রথম ইনিংস থামে ২২৮ রানে। ফলে ১৬১ রানের বড় লিড পায় সিলেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবু জায়েদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল। মাত্র ১২৩ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে হারতে হয় তাদের।
সিলেটের বড় সংগ্রহ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশরাফুল হাসান রিহাদ। তার ব্যাট থেকে আসে ১১৩ রানের দায়িত্বশীল ইনিংস। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি। নাসুম আহমেদ করেন ৩৪ রান।
তবে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন আবু জায়েদ। দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট খেলা এই পেসার। প্রথম ইনিংসে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা জায়েদ দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান খরচায় নেন ৫ উইকেট। ২০১০ সালের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১১৯তম ম্যাচে এসে এই সংস্করণে প্রথমবার ১০ উইকেট পেলেন তিনি।
বরিশালের হয়ে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আবদুল্লাহ সর্বোচ্চ ৫১ রান করেন। তানভির ইসলাম অপরাজিত থাকেন ২১ রানে। তবে তাদের প্রচেষ্টা ইনিংস পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচে চার উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাসুম আহমেদও।
এই জয়ের ফলে সাত ম্যাচে তিন জয় নিয়ে সিলেটের পয়েন্ট দাঁড়িয়েছে ৩২। ইনিংস ব্যবধানে জয়ের জন্য একটি এবং টানা দুই ম্যাচ জেতায় আরেকটি বোনাস পয়েন্ট পেয়েছে তারা। সাত রাউন্ডে জয়হীন বরিশাল মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করেছে।
সিলেটের জয়ে সবচেয়ে বেশি চাপে পড়েছে প্রথম ছয় রাউন্ড পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা। শিরোপা ধরে রাখতে শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হার এড়াতে হবে তাদের। খুলনা ম্যাচটি জিতলে বা ড্র করলে কোনো সমীকরণ ছাড়াই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে। তবে হেরে গেলে শিরোপা উঠবে সিলেটের হাতে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে তৃতীয় দিন শেষে কঠিন পরিস্থিতিতে রয়েছে খুলনা। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ৩২২ রান করে তারা। আগের দিনের ৯৪ রানের সঙ্গে আরও ১১ রান যোগ করে ১০৫ রানে আউট হন নুরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। শেখ পারভেজ রহমান করেন ৩২ রান। রংপুরের হয়ে পেসারদের মধ্যে সানজিদ মজুমদার পাঁচ উইকেট নেন।
১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় রংপুর। আবদুল্লাহ আল মামুনের ৪১, আকবর আলীর ৪৮ ও নাসির হোসেনের ২৪ রানে ভর করে দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮৪ রান। লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মিম মোসাদ্দেক ২৩ রানে অপরাজিত রয়েছেন। ফলে খুলনার চেয়ে রংপুরের লিড এখন ২০০ রান। শেষ দিনে দ্রুত রংপুরকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াই খুলনার প্রধান চ্যালেঞ্জ।
এদিকে শিরোপার দৌড়ে থাকা চট্টগ্রামও নিজেদের অবস্থান শক্ত করেছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হাতে রেখে ২২৭ রানে এগিয়ে রয়েছে তারা। প্রথম ইনিংসে ঢাকা ২৯২ রান করলে চট্টগ্রাম ২৯৬ রান করে চার রানের লিড পায়। চট্টগ্রামের ২১ বছর বয়সী পেসার সানজিদ মজুমদার ৭০ রানে পাঁচ উইকেট শিকার করেন। ব্যাট হাতে চট্টগ্রামের ওপেনার সাদ্দাম হোসেন ১০ চার ও ২ ছক্কায় ৯৪ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ২৩১ রান।
অন্যদিকে সিলেটের একাডেমি মাঠে রাজশাহী ও ময়মনসিংহের ম্যাচেও ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখা গেছে। রাজশাহীর অধিনায়ক প্রিতম কুমার ১০৮ রানের সেঞ্চুরি করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম শতক। শাকির হোসেন শুভ্রর সঙ্গে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন তিনি। তবে শেষ দিকে মাত্র ৭১ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ৩৭৭ রানে অলআউট হয় রাজশাহী। ফলে প্রথম ইনিংসে লিড নিতে পারেনি তারা।
ময়মনসিংহের অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম ৬২ রানে পাঁচ উইকেট নিয়ে রাজশাহীর ইনিংসে বড় ধস নামান। প্রথম ইনিংসে ৬৩ রানের লিড পাওয়া ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসে দিন শেষে এক উইকেটে ৭৯ রান করেছে। তাদের মোট লিড দাঁড়িয়েছে ১৪২ রান।



