দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সফরকারীরা। তাওহীদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করা এশিয়ার প্রথম দল হওয়ার কৃতিত্বও অর্জন করেছে টাইগাররা।
টেস্টের প্রথম দিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২২ রানে হারিয়ে বসে প্রথম তিন উইকেট। এরপর তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। তবে ১২১ রানে পাঁচ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দল। এমন পরিস্থিতিতে ষষ্ঠ উইকেটে অবিশ্বাস্য এক জুটি গড়েন হৃদয় ও লিটন দাস। দুজনের ব্যাট থেকে আসে সেঞ্চুরি। তাদের ২০৬ রানের জুটিই বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
প্রথম দিন ৩২৭ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন লিটন দাস। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থাকা এই উইকেটকিপার ব্যাটার সকালে দেখেশুনে ব্যাটিং করে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। মার্কো ইয়ানসেনকে দারুণ এক পুল শটে সীমানাছাড়া করে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৫৪ বলে মাইলফলক স্পর্শ করা লিটন শেষ পর্যন্ত ১২০ রান করে সাজঘরে ফেরেন।
লিটনের আগে আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তাওহীদ হৃদয়। তাঁর ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ১৩৭ রান। দুই ব্যাটারের দুর্দান্ত পারফরম্যান্সে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ। লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ১০ রান করে আউট হন। শেষদিকে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাসকিন করেন ১৭ এবং হাসান মাহমুদ করেন ১৬ রান। ইবাদত হোসেন এক রান করে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত ৪০০ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল কাগিসো রাবাদা। ৭০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ড্যান পিটারসন নিয়েছেন চার উইকেট।
এই ৪০০ রান বাংলাদেশের জন্য একাধিক কারণে ঐতিহাসিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে প্রোটিয়াদের বিপক্ষে ৩২০ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা এশিয়ার প্রথম দলও এখন বাংলাদেশ।
এর আগে ২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্ট ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এত দিন সেটিই ছিল এশীয় দলগুলোর মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ছাড়িয়ে ঠিক ৪০০ রান করল বাংলাদেশ। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে কোনো দলের সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের দেখা মিলল ১৭ বছর পর। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৬৬ রান।
ব্যাটিংয়ে রেকর্ড গড়ার পর বোলিংয়েও শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ ওভারেই ১৮ রান তুলতে গিয়ে একটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন এইডেন মার্করাম। পরে তাসকিন আহমেদের বলে জুবায়ের হামজা এলবিডব্লিউ হলেও নো বলের কারণে বেঁচে যান তিনি। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ১৮ রান। অ্যাকারম্যান ৭ ও হামজা ৪ রানে অপরাজিত ছিলেন।



