শুরুটা ছিল সাময়িক দায়িত্ব দিয়ে। কিন্তু এক সিরিজ থেকে আরেক সিরিজ-দায়িত্বের পরিধি ক্রমেই বাড়ছে সাবেক বাংলাদেশ পেসার তালহা জুবায়েরের। শন টেইটের বিদায়ের পর অস্ট্রেলিয়া সিরিজে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া তালহাই এখন দীর্ঘমেয়াদে জাতীয় দলের পেস আক্রমণের দায়িত্বে থাকছেন বলে জানা গেছে। এমনকি আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে থাকার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৪ জুন পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়া টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক পরিস্থিতির কারণে পূর্ণকালীন দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না হওয়ায় দুই পক্ষের সমঝোতায় চুক্তির ইতি ঘটে।
টেইটের বিদায়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরকে অন্তর্বর্তী ভিত্তিতে দায়িত্ব দেয় বিসিবি। সে সময়ই বিসিবি ক্রিকেট অপারেশন্সের পক্ষ থেকে তালহার নিয়োগ নিশ্চিত করা হয়েছিল।
প্রাথমিক পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্তই তালহার দায়িত্ব। কিন্তু পরিস্থিতি বদলেছে। জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্ব পালন করা তালহাকে এখন সামনে থাকা একাধিক আন্তর্জাতিক সিরিজে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের পরবর্তী ব্যস্ত আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ১৩ অক্টোবর হবে একমাত্র টেস্ট। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ।
এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট এবং দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে বাংলাদেশের সূচিতে।
এই দীর্ঘ সূচিতে পেস বোলিং ইউনিটের সঙ্গে কাজ করবেন তালহা। অর্থাৎ অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাওয়া সাময়িক দায়িত্ব ধীরে ধীরে দীর্ঘমেয়াদি ভূমিকায় রূপ নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর তো বটেই, আগামী বছরও জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে তাকে দেখা যাবে। সূত্রের তথ্য অনুযায়ী, লক্ষ্য রাখা হচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই তাঁকে দায়িত্বে রাখার।
তালহার ওপর এই আস্থার পেছনে স্থানীয় ক্রিকেটে তার কোচিং অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। টেইটের অধীনে বাংলাদেশের পেস আক্রমণে যে উন্নতি দেখা গিয়েছিল, সেটিও ধরে রাখার লক্ষ্য বিসিবির। টেইটের সময়ে নাহিদ রানার মতো তরুণ পেসারদের উন্নতি বিশেষভাবে আলোচিত হয়েছিল। পেস বোলিং কোচের পাশাপাশি ফিল্ডিং কোচের দায়িত্বেও আপাতত পরিবর্তনের সম্ভাবনা নেই। আশিকুর রহমান মজুমদারই জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া সফরের সময়ও আশিক দলের ফিল্ডিং প্রস্তুতি নিয়ে কাজ করেছেন। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে স্লিপ ক্যাচ, হাই ক্যাচসহ বিভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়দের উন্নতির কথা তিনি নিজেই জানিয়েছিলেন।
তবে আশিকের বর্তমান দায়িত্বের নির্দিষ্ট মেয়াদ কতদিন-সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রাখা হবে, নাকি আপাতত সিরিজভিত্তিকভাবেই দায়িত্ব চলবে, সেটি পরিষ্কার নয়।
এদিকে ব্যাটিং কোচের পদ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাও অনেকটাই কেটে গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলই ব্যাটিং কোচ হিসেবে থাকছেন।
আশরাফুলকে প্রথমে ২০২৫ সালের আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষায়িত ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সেটআপে আনা হয়েছিল। সে সময়ই বিসিবি জানিয়েছিল, তার অভিজ্ঞতা ও সম্পন্ন করা কোচিং কোর্স বিবেচনায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে বিসিবি তার দায়িত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, আশরাফুলের কাজে বোর্ড সন্তুষ্ট এবং তিনি ব্যাটিং কোচ হিসেবে চালিয়ে যাবেন। তার দায়িত্ব ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও বাড়তে পারে এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তও যেতে পারে বলে তখনই জানা গিয়েছিল।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের পর আশরাফুলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি হলেও আপাতত সেই শঙ্কার অবসান হয়েছে। জাতীয় দলের ব্যাটিং বিভাগে তার কাজ অব্যাহত থাকছে।
বর্তমান কোচিং কাঠামো মোটামুটি ধরে রাখার পাশাপাশি একজন সহকারী কোচ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বিসিবির। তবে এ পদে কাকে নেওয়া হবে বা নিয়োগের সময়সীমা কী-এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।



