দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে পৌঁছে ডারউইনে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণ শেষে অনুশীলনে নেমেই কোচিং স্টাফের তত্ত্বাবধানে নিবিড়ভাবে প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। সিরিজ শুরুর আগে ডারউইনেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ যাত্রা হলেও ট্রানজিট থাকায় ভ্রমণটা স্বস্তিদায়ক ছিল। বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘জার্নিটা ভালো ছিল কারণ আসার সময় আমরা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’
ডারউইনে অনুশীলনের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্ট এই অভিজ্ঞ স্পিনার। তাইজুল বলেন, ‘আমরা এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে, ফিল্ডিং থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট সাউথ ম্যাকায়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের টেস্ট দলে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, অমিত হাসান, জাকের আলী অনিক, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।



