বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘ডি থ্রি ট্রফি’র ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে দলগুলো নিজেদের প্রধান কোচ, দুই সহকারী কোচ ও ফিজিও নির্বাচন করেছে।
তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেটকে একই কাঠামোর অধীনে নিয়ে আসতে বিসিবি ‘ডমেস্টিক থ্রি’ নামে এই নতুন প্রতিযোগিতার কাঠামো তৈরি করেছে। এর আওতায় ছয়টি করপোরেট মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণেই অংশ নেবে।
ম্যানেজমেন্ট ড্রাফটে এইস ব্লুস্টারের প্রধান কোচ হয়েছেন সোহেল ইসলাম। দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। ফিজিও হিসেবে থাকছেন জয় বিশ্বাস।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে প্রধান কোচ করেছে একমি। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করবেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন। দলের ফিজিও হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রেজা মো. শরীফুল হাসান।
সিটিজেনস ব্যাংকের প্রধান কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল। তার সহকারী হিসেবে থাকছেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম। ফিজিওর দায়িত্ব পালন করবেন খায়রুল ইসলাম।
ছয় দলের মধ্যে আলোচিত কোচিং প্যানেল গড়েছে ফরচুন। দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আবদুল করিম জুয়েল তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান থাকছেন ফরচুনের ফিজিও হিসেবে।
সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ হয়েছেন তালহা জুবায়ের। তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহিন। দলের ফিজিও দেলোয়ার হোসেন।
অন্যদিকে জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে প্রধান কোচ করেছে ওয়ালটন। তার সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান ও ডলার মাহমুদ। ওয়ালটনের ফিজিও হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হক।
এর আগে গত রোববার ডি থ্রি ট্রফির ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হওয়ার পাশাপাশি অনুষ্ঠিত হয় আইকন ক্রিকেটার ড্রাফট। ওয়ালটনের আইকন ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেভেন রিংস সিমেন্ট দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। একমির আইকন মোসাদ্দেক হোসেন সৈকত। সিটিজেনস ব্যাংকের আইকন নাঈম শেখ, ফরচুনের তাওহীদ হৃদয় এবং এইস ব্লুস্টারের আইকন নুরুল হাসান সোহান।
ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্ব ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরু হতে পারে। এই পর্বের ম্যাচ হবে ঢাকা ও বরিশালে। এরপর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণির ক্রিকেট, আর মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের ক্রিকেট।
প্রতি ঘরোয়া মৌসুমে তিন সংস্করণ মিলিয়ে প্রতিটি দল মোট ৪২টি ম্যাচ খেলবে। এর আগে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফট। ফলে আইকন ও কোচিং স্টাফ চূড়ান্ত হওয়ার পর এবার ক্রিকেটার নির্বাচনের পালা ফ্র্যাঞ্চাইজিগুলোর।



