অস্ট্রেলিয়া সফরের শুরুতেই একের পর এক চোটের ধাক্কায় কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ দল। নাহিদ রানা ছিটকে গেছেন সিরিজ থেকেই, প্রথম টেস্টের দলেও জায়গা হয়নি শরিফুল ইসলামের। তবে বাঁহাতি এই পেসারকে ঘিরে এবার মিলেছে স্বস্তির খবর। পুনর্বাসনের কাজ প্রত্যাশার চেয়েও দ্রুত এগোনোয় দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন শরিফুল। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের শুরুটা মিস করতে হলেও এখন নিয়মিত বোলিং করছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, চোট বা ফিটনেস নয়, এই মুহূর্তে তাঁর সামনে একমাত্র চ্যালেঞ্জ নির্ধারিত বোলিং ওয়ার্কলোড সম্পন্ন করা।
বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘বোলিংয়ে (শরিফুলের) কোনো সমস্যা হচ্ছে না। ভালো বোলিং করছে। বোলিংয়ের ইনটেনসিটিও শতভাগ।’
গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং শুরু করেছেন শরিফুল। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হচ্ছে তাঁর ওয়ার্কলোড। সবকিছু ঠিক থাকলে আগামী বুধ বা বৃহস্পতিবার তিনি টেস্ট ম্যাচের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ বোলিং লোডে পৌঁছে যাবেন।
আগের সূচি অনুযায়ী আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেটি এগিয়ে এনে সোমবারই নেওয়ার চিন্তা করছে বিসিবি। এ প্রসঙ্গে আলফা সানি বলেন, ‘টেস্ট খেলার জন্য সপ্তাহে যে পরিমাণ বল করার কথা, সেই বোলিং না করলে ওকে (শরিফুল) ছাড়তে পারছি না। যদি কালকে ফিটনেস পরীক্ষা নেই, কালকেই পাস করে যাবে। এখানে চোট বা ফিটনেস কোনো ব্যাপার না। ইস্যু হচ্ছে ওয়ার্কলোড। জাতীয় দলের ফিজিও যে বোলিং পরিকল্পনা দিয়েছে, সেটি এই মাসের ১১ বা ১২ তারিখে স্পর্শ করবে।’
বিসিবির ফিজিওর মতে, ওয়ার্কলোডের বিষয়টি না থাকলে প্রথম টেস্টের দলেও থাকতে পারতেন শরিফুল, ‘ফিটনেস টেস্ট ১২ তারিখের জায়গায় ১০ তারিখে নেওয়ার চিন্তা করছি। যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ১০ তারিখে। না হলে, ১১ বা ১২ তারিখে নিয়ে নেব। ফিটনেস পরীক্ষা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। বোলিং ওয়ার্কলোড ইস্যু না থাকলে প্রথম টেস্ট থেকেই সে খেলতে পারত।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট।



