ডারউইনে দুর্দান্ত জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করা বাংলাদেশ এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে ম্যাকাইয়ে। শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে উইকেট ও আবহাওয়ার পার্থক্য নিয়ে আলোচনা থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিজেদের প্রস্তুত বলেই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাকাইয়ের উইকেট দেখে সন্তুষ্ট শান্ত। অনুশীলনের উইকেটে তুলনামূলক বেশি বাউন্স পাওয়ায় পেসারদের জন্য ভালো কিছু দেখছেন তিনি। ম্যাচে পাঁচ পেসার ও দুই স্পিনারকেই বিবেচনায় রাখা হচ্ছে জানিয়ে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’
ডারউইনের জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন শান্ত। তবে সেই জয়ের পর দলের ক্রিকেটারদের দ্রুত মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
তবে ডারউইনের জয় নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশের অধিনায়ক। তার মতে, প্রতিটি টেস্টের কন্ডিশন আলাদা এবং সেই অনুযায়ী নতুন করে পরিকল্পনা করাই গুরুত্বপূর্ণ। শান্ত বলেন, ‘ওটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি এগুলো আলাপ হয়েছে। আশা করি প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’
ম্যাকাইয়ের আবহাওয়াও ডারউইনের তুলনায় আলাদা। এখানে ঠাণ্ডা ও বাতাস বেশি থাকায় সেটিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর সুযোগ দেখছেন শান্ত। দুই দিনের অনুশীলনে ক্রিকেটাররা কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছেন বলেও জানান তিনি। শান্তর ভাষায়, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন আছে, এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি। আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে ফলে প্রস্তুতি ভালো হয়েছে। বাতাস কাজে লাগাতে পারলে বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’
ডারউইনের সাফল্যকে পেছনে রেখে এবার ম্যাকাইয়ের কন্ডিশনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। প্রথম টেস্টের আত্মবিশ্বাস, পেস আক্রমণের বৈচিত্র্য এবং কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারলে সিরিজের শেষ ম্যাচেও ভালো ফল পাওয়ার সুযোগ দেখছে সফরকারীরা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২য় টেস্ট
আগামীকাল সকাল ৬টা
১ম দিন সরাসরি স্টার স্পোর্টস ১



