বাংলাদেশ সফরের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গত দুই দিন ধরে হোটেলবন্দী ক্যারিবীয় পেসার শামার জোসেফ। এ কারণে বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচেও খেলছেন না তিনি। আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে এই পেসারের খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ওয়েস্ট ইন্ডিজ দলের একটি সূত্র জানিয়েছে, পেটের সমস্যায় ভুগছেন জোসেফ। ভারত সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে পৌঁছায় গত রোববার। তবে সফরের শুরুতেই অসুস্থ হয়ে পড়ায় প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন না ক্যারিবীয় পেসার।
২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই আলোচনায় এসেছিলেন শামার জোসেফ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট জয়ের স্বাদ এনে দিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলেও রয়েছেন জোসেফ। তবে অসুস্থতার কারণে প্রথম টেস্টে তার অংশগ্রহণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচ। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
এদিকে শামার জোসেফকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৩৭ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করেছে বিসিবি একাদশ। জিশান আলম ৮৬ রান করে আউট হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১৫ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন শামার জোসেফ। এ ছাড়া ১০ ওয়ানডেতে তাঁর উইকেট ৫টি এবং ৩০ টি-টুয়েন্টিতে নিয়েছেন ৪০ উইকেট।



