যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নতুন অধ্যায় শুরুর রাতটা সাকিব আল হাসানের জন্য স্মরণীয় হয়ে থাকল না। ব্যাট হাতে ৮ বলে মাত্র ৩ রান। বল হাতে এক ওভার, আর তাতেই খরচ ১৮। সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্সের এই দুই সংখ্যাই যেন বলে দিল আটলান্টা ফায়ারের হয়ে তার প্রথম ম্যাচের গল্পটা।
চার্চ স্ট্রিট পার্কে অবশ্য শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অরল্যান্ডো গ্যালাক্সির হাতে। টস জিতে ব্যাটিং নেওয়ার পর ১৮ ওভারের ম্যাচটিকে যেন নিজেদের ব্যাটিং উৎসবে পরিণত করে তারা।
অরল্যান্ডোর ইনিংসের মূল সুর বেঁধে দেন অধিনায়ক ত্যাগনারাইন চন্দরপল। ৫৩ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় তার ৭৩ রান ইনিংসকে এনে দেয় দৃঢ় ভিত্তি। এরপর সেই ভিতের ওপর ঝড় তোলেন কাইরেন পাওয়েল। মাত্র ৩৬ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
চন্দরপল-পাওয়েলের ব্যাটে নির্ধারিত ১৮ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান তোলে অরল্যান্ডো।
সেখানেই আসে সাকিবের বোলিং পর্ব। কিন্তু অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য সেটি হয়ে ওঠেনি স্বস্তির। মাত্র এক ওভার বল করে দুটি চার ও একটি ছক্কায় ১৮ রান দেন তিনি। এরপর আর তাঁকে বোলিংয়ে আনা হয়নি।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আটলান্টার শুরুটা অবশ্য একেবারে খারাপ ছিল না। অধিনায়ক স্টিফেন টেলর ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে দলকে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় সেই গতি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
তখন নজর ছিল সাকিবের দিকে। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা আর চাপের মুহূর্তে ইনিংস সামলানোর সামর্থ্য দিয়ে তিনি ম্যাচে ফেরাতে পারেন কি না, সেটিই ছিল প্রশ্ন। কিন্তু সেই উত্তরও এলো না।
আট বল খেলেও মাত্র ৩ রান করে ফিরতে হয় সাকিবকে। তার বিদায়ের সঙ্গে আটলান্টার জয়ের সম্ভাবনাও আরও ফিকে হয়ে যায়। নিতিশ সুদিনির ২৭ এবং পার্থ প্যাটেলের ৯ বলে ২১ রানের ছোট ঝড় কিছুটা উত্তাপ ছড়ালেও ম্যাচের গতিপথ বদলাতে পারেনি।
শেষ পর্যন্ত ১৮ ওভারে ৯ উইকেটে ১৪৪ রানেই থামে আটলান্টা ফায়ারের ইনিংস। ব্যবধান দাঁড়ায় ৩৫ রান।
অরল্যান্ডোর জয়ে ব্যাট হাতে চন্দরপল ও পাওয়েল আলো ছড়ালেও বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন প্রণব ভাট্ট। আটলান্টার চার ব্যাটারকে ফিরিয়ে তিনি নিশ্চিত করেন দলের জয়।
অন্যদিকে সাকিবের জন্য রাতটি শেষ হয় দুটি হতাশাজনক পরিসংখ্যানে-বলে ১ ওভারে ১৮, ব্যাটে ৮ বলে ৩। নতুন লিগে তার পথচলা তাই শুরু হলো প্রত্যাশার আলো নয়, বরং ফিরে আসার অপেক্ষা দিয়ে!



