বাংলাদেশ ক্রিকেটের অনেক ‘প্রথম’-এর সঙ্গে জড়িয়ে আছে সৈয়দ রাসেলের নাম। একসময় ওয়ানডে দলে দুজন পেসার খেলার সুযোগ পেলে তাদের একজন হিসেবে নিয়মিতই দেখা যেত তাকে। জাতীয় দলের জার্সিতে নিজের সামর্থ্যের ছাপও রেখেছিলেন এই বাঁহাতি পেসার। তবে ২০১০ সালের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর সেভাবে এগোয়নি। ঘরোয়া ক্রিকেটেই দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট থেকে দূরে সরে যাননি রাসেল। বরং নতুন পরিচয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। ডিপিএল, বিপিএল ও জাতীয় ক্রিকেট লিগ-দেশের ঘরোয়া ক্রিকেটের প্রায় সব পর্যায়েই কোচ হিসেবে কাজ করেছেন তিনি। গত কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচের দায়িত্বও সামলেছেন সাবেক এই পেসার।
তবে আসন্ন লাল বলের জাতীয় ক্রিকেট লিগে খুলনা দলের সঙ্গে দেখা যাবে না রাসেলকে। দলটির দায়িত্বে না থাকলেও এবার তার সামনে খুলনার বাইরের নতুন এক দায়িত্বের দরজা খুলছে। বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স (এইচপি) দলের পেস বোলিং কোচ হতে যাচ্ছেন তিনি।
একটি সূত্র জানিয়েছে, এইচপির পেস বোলিং কোচ হিসেবে রাসেলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত জাতীয় দলের সঙ্গে ব্যস্ততার কারণে তালহা জুবায়ের এইচপিতে নিয়মিত সময় দিতে পারবেন না। তার জায়গাতেই নতুন করে দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল।
নতুন দায়িত্বটি রাসেলের জন্য গুরুত্বপূর্ণও বটে। কারণ জাতীয় দলের পাইপলাইনে থাকা তরুণ পেসারদের আরও পরিণত করে তোলার বড় একটি দায়িত্ব থাকবে তার কাঁধে। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন সাবেক এই পেসার।
এইচপির ক্যাম্প শুরু হওয়ার কথা চলতি মাসের ১০ তারিখ থেকে। সেখানে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটারকে ডাকা হতে পারে। ক্যাম্পের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে পেসারদের নিয়ে কাজ করবেন রাসেল।



