অমিত প্রতিভা নিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তার। মনে হচ্ছিল দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট দল পাবে তাকে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা সব এলোমেলো করে দিল। মানজারুল ইসলাম রানা-নামটার সঙ্গে যেন দীর্ঘশ্বাস জড়িয়ে আছে। যে কীনা হয়ে উঠেছিলেন জাতীয় দলের অপরিহার্য এক ক্রিকেটার। কিন্তু কী নিষ্টুর নিয়তি! মাত্র ২২ বছর বয়সেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে।
ইতিহাসে সবচেয়ে কম বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার যে তিনিই। সেই রানা ২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।
তাইতো খুলনার কথা আসলেই চলে আসে রানা প্রসঙ্গ। আবু নাসের স্টেডিয়ামের একটা গ্যালারিরও তার নামে করা হয়েছে। খুলনায় খেলা হলেই অপেক্ষায় থাকেন রানার মা। তার ছেলেকে নিশ্চয়ই সবাই মনে করবে।
সেই অপেক্ষা পূর্নতা পেল। ডেভ হোয়াটমোর তার প্রিয় শিষ্যর বাড়িতে গেলেন বৃহস্পতিবার। দেখা করলেন রানার মায়ের সঙ্গে। হোয়াটমোর এখন জিম্বাবুয়ের কোচ। যখন বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তখন রানা ছিল তার প্রিয় ক্রিকেটারের একজন।
রানা জাতীয় দলের হয়ে খেলেছেন ৬ টেস্ট (২৫৭ রান এবং ৫ উইকেট) এবং ২৫ একদিনের আন্তর্জাতিক ম্যাচ (৩৩১ রান এবং ২৩ উইকেট।)



