পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা তিনবার জিতেছে লাহোর কালান্দার্স। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামিন রানা। সুযোগ ও আনুষঙ্গিক প্রক্রিয়া অনুকূলে থাকলে বিপিএলে দল কেনার বিষয়টি বিবেচনা করবেন তিনি। তবে শুধু ফ্র্যাঞ্চাইজি কেনাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে খেলোয়াড় বিনিময়সহ বিভিন্ন উদ্যোগেও যুক্ত হতে চান সামিন।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ক্রিকেটের প্রতি নিজের আগ্রহের কথা জানান লাহোর কালান্দার্সের এই কর্ণধার। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হওয়া তার স্বপ্ন। বিপিএলে দল থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই তার। বিসিবির সঙ্গে খেলোয়াড় বিনিময় কর্মসূচির মতো উদ্যোগে অংশ নিতে পারলেও খুশি হবেন তিনি।
সামিন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হওয়া আমার স্বপ্ন। বিপিএলে দল থাকতেই হবে, এমন নয়। বিসিবির সঙ্গে খেলোয়াড় বিনিময় কর্মসূচি হলেও আমি খুশি হব। এত বছরে যা শিখেছি, সেটা বাংলাদেশের ক্রিকেটের কাজে লাগাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে।’
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহের পেছনে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ১১ বছর ধরে পাকিস্তান সুপার লিগের সঙ্গে যুক্ত রয়েছেন সামিন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার জি-টোয়েন্টি গ্লোবাল লিগ এবং টি-টেন লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেট কানাডার সঙ্গেও বেশ কিছুদিন ধরে কাজ করছেন তিনি।
এসব অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগাতে চান সামিন। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গেও তার আলোচনা হয়েছে। অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের ক্রিকেটের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বলে জানান সামিন।
বিপিএল আয়োজন না হওয়ার বিষয়টিও তাঁর জানা রয়েছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। সামিনের মতে, বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেটের প্রতি মানুষের যে আবেগ রয়েছে, তাতে বিপিএলের মতো একটি টুর্নামেন্টের এমন পরিস্থিতিতে পড়ার কথা নয়।
বিপিএল নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে সামিন বলেন, ‘বিপিএল একটি চমৎকার টুর্নামেন্ট। আমি জানি এটি কিছু সময় ধরে কঠিন সময় পার করছে এবং আমি জানি এর পেছনে কিছু কারণ রয়েছে। তবে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানে আমাদের যে ধরনের আবেগ রয়েছে, তাতে এই লিগের স্ট্রাগল করা উচিত নয়।’
বিপিএলে দল কেনার বিষয়ে আগ্রহ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সম্ভাব্য সুযোগ ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর। সামিনের ভাষ্য, বাংলাদেশ তার হৃদয়ের খুব কাছের এবং বিপিএল কিংবা বাংলাদেশের ক্রিকেটের অন্য কোনো উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ পেলে তিনি তা কাজে লাগাতে চান।
এদিকে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রতিও বিশেষ আগ্রহ দেখিয়েছেন লাহোর কালান্দার্সের কর্ণধার। তার মতে, নাহিদ রানাকে দলে পাওয়া যেকোনো ক্লাবের জন্য সৌভাগ্যের বিষয় হতে পারে। ভবিষ্যতে নিলামে এই পেসারকে পাওয়া গেলে তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলেও জানিয়েছেন সামিন।
নাহিদ রানার প্রশংসা করে তিনি বলেন, ‘নাহিদ রানাকে যে ক্লাব দলে নেবে, তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। নাহিদ যদি নিলামে থাকে, অবশ্যই আমার নজরে থাকবে।’



