ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এবার ম্যাকাইয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। আগামী ২২ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের একাদশ নিয়ে আলোচনায় শরিফুল ইসলাম। চোট কাটিয়ে ডারউইনেই দলের সঙ্গে যোগ দেওয়া বাঁহাতি এই পেসারের খেলার সম্ভাবনা থাকলেও এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ‘(শরিফুলকে নিয়ে চার পেসার খেলাবেন কিনা) আসলে এটা এখনও ঠিক করিনি। কালকে ঠিক করব।’
শরিফুল দলে ফেরায় পেস বোলিংয়ে বিকল্প বাড়লেও সিমন্স ইঙ্গিত দিয়েছেন, জেতা একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তিনি বলেন, ‘সে (ফিল সিমন্স) ভিন্ন কিছু এনে দেয় আমাদের দলে। তবে মাত্রই টেস্ট ম্যাচ জিতলাম। ফলে জেতার একাদশে বদল আনার সম্ভাবনা কম, এগুলো শুধুই সম্ভাবনা, কালকে সিদ্ধান্ত নেব।’
ম্যাকাইয়ের উইকেট নিয়েও সন্তুষ্ট সিমন্স। তার ভাষায়, ‘পিচ দারুণ। কিছুটা ঘাস আছে। অনেক শক্ত। ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা।’
ম্যাকাইয়ের বাতাস নিয়েও সতর্ক বাংলাদেশ কোচ। তবে ডারউইনেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সেটিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি। সিমন্স বলেন, ‘ডারউইনেও অনেক বাতাস ছিল। দুই দলকেই এভাবে খেলতে হবে। ভালোভাবে মানিয়ে নিতে হবে। আগে আসতে পেরে তাই ভালোই হয়েছে। আমরা জানি এখানে কী কন্ডিশন। ছেলেদের কেবল মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে।’
ডারউইনে ৯ উইকেটের জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ালেও সিমন্স জানেন, ম্যাকাইয়ে নতুন করে শুরু করতে হবে। টপ এন্ড টি-টোয়েন্টি ও প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য। আর শরিফুল খেলবেন কি না, সেই উত্তর মিলবে টেস্ট শুরুর আগের দিন।



