কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, রনি তালুকদার ও নাসির হোসেন। ভ্যানকুভার গার্ডিয়ান্সের হয়ে খেলবেন তারা। আগে ভ্যানকুভার নাইটস নামে পরিচিত দলটিতে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের পাশাপাশি রয়েছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।
তবে টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণ নিয়ে রয়েছে সূচিগত জটিলতা। একই সময়ে তার নেপাল প্রিমিয়ার লিগে খেলার কথা রয়েছে। ফলে গ্লোবাল টি-টোয়েন্টিতে তাকে কতটা সময় পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, রনি তালুকদার ও নাসির হোসেনকে টুর্নামেন্টে নিয়মিত দেখা যেতে পারে। এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছেড়েছেন নাসির।
এবারের আসরের ভেন্যু নিয়েও রয়েছে ভিন্নতা। কানাডায় নয়, গ্লোবাল টি-টোয়েন্টির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সে। টুর্নামেন্টটি চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
ভ্যানকুভার গার্ডিয়ান্সের বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন স্কটল্যান্ডের জর্জ মানসি, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস এবং শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলীও দলটির হয়ে খেলবেন।
বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি কানাডার একাধিক খেলোয়াড় রয়েছেন ভ্যানকুভার গার্ডিয়ান্সের স্কোয়াডে। তাদের মধ্যে আছেন জায়ডেন, রায়ান, উদাই সিং, রানা সালমান, পাদাম যোশি, আব্দুল হাসিব, অজয়বীর সিং হুবদাই ও গুরসরব সিং।
এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে নতুন আঙ্গিকে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। দলগুলো হলো টরন্টো কিংস, ভ্যানকুভার গার্ডিয়ান্স, মিসিসাগা স্কাইহকস, মন্ট্রিয়ল ওয়ারিয়র্স এবং ব্র্যাম্পটন ব্লেজার্স।



