কাটার ছুড়েছেন, ব্যাটারকে থমকে দিয়েছেন, এরপরই উদযাপনে মেতেছেন-বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারের চেনা দৃশ্য এটি। আন্তর্জাতিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার সবচেয়ে বড় অস্ত্র সেই কাটার। সেই অস্ত্রের জাদুতেই ‘কাটার-মাস্টার’ নামে পরিচিতি পাওয়া মুস্তাফিজ আজ পা রাখলেন ৩১ বছরে। জন্মদিনে তাই পুরোনো ঠিকানা থেকে এলো ভালোবাসার বার্তাও!
মুস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হলুদ জার্সিতে মুস্তাফিজের উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করেছে দলটি। সঙ্গে লিখেছে, ‘কাটারের জাদুতে একের পর এক উইকেট নিয়েছেন। উইকেটগুলো কখনো ভোলার নয়। জন্মদিনটা দারুণ কাটুক ফিজ।’ বার্তার শেষে ছিল হলুদ রঙের লাভ ইমোজি।
চেন্নাইয়ের সঙ্গে মুস্তাফিজের সম্পর্কও কম স্মরণীয় নয়। হলুদ জার্সিতে তার কাটারের ঝলক দেখেছে আইপিএল। সেই স্মৃতিই যেন জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ফিরিয়ে আনল ফ্র্যাঞ্চাইজিটি।
শুধু আইপিএল নয়, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন বাংলাদেশের এই পেসার। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে গত বছর অভিষেক হয় তাঁর। প্রথম মৌসুমেই দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে ৮.০৮ ইকোনমিতে আট উইকেট নেন মুস্তাফিজ।
অভিষেক মৌসুমের পারফরম্যান্সে সন্তুষ্ট দুবাই এবারও তাকে ধরে রেখেছে। নতুন মৌসুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিটির পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ‘কাটার-মাস্টার’।



