বাংলাদেশ ক্রিকেটে তারকাখ্যাতির তালিকায় মুস্তাফিজুর রহমানের নাম আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। মাঠে তার কাটার-স্লোয়ার যেমন ব্যাটারদের অস্বস্তিতে ফেলে, মাঠের বাইরে তার নির্লিপ্ততা ও স্বল্পভাষী স্বভাবও তেমনি তৈরি করেছে আলাদা এক পরিচয়। খ্যাতির শিখরে থেকেও নিজেকে আড়ালে রাখার এই স্বভাবটাই হয়তো মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি।
দীর্ঘদিন টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার সুবাদে মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখেছেন সাবেক ওপেনার নাফিস ইকবাল। তার চোখে, বিশ্বের কাছে মুস্তাফিজ যত বড় তারকাই হোন না কেন, দলের ভেতরে তিনি এখনও সেই আগের ‘ফিজ’ই। পাঁচ বছর ধরে কাছ থেকে দেখেও মুস্তাফিজের স্বভাবে বড় কোনো পরিবর্তন দেখেননি নাফিস।
বিডিক্রিকটাইমকে নাফিস বলেন, ‘মাঠের বাইরে মুস্তাফিজ যে হিউম্যান বিয়িং, প্রথম দিন থেকে যে ৫ বছর কাজ করছি, ডে ওয়ানে ও যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে। বিশ্বের কাছে ও অনেক বড় একটা স্টার। কিন্তু যেভাবে ও ড্রেসিংরুমে থাকে বা একটা ম্যানেজারের কথাবার্তা শুনে, খুবই ডাউন টু আর্থ। আই উইশ হিম অল দ্যা বেস্ট।’
মুস্তাফিজের এই বিনয় অবশ্য শুধু ড্রেসিংরুমের আচরণেই সীমাবদ্ধ নয়। কঠিন পরিস্থিতিতেও তার নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা নাফিসের চোখে আরও বড় ব্যাপার। বিশেষ করে গত বছর আইপিএল-সংক্রান্ত ঘটনায় মুস্তাফিজ যেভাবে পরিস্থিতি সামলেছিলেন, সেটিই নাফিসের কাছে তার মানসিক দৃঢ়তার সবচেয়ে বড় উদাহরণ।
বিতর্ক কিংবা হতাশার মুহূর্তে অনেক ক্রিকেটার যেখানে আবেগের বশে প্রতিক্রিয়া দেখান, মুস্তাফিজ সেখানে ছিলেন বরাবরের মতোই শান্ত। নাফিসের মতে, আন্তর্জাতিক পর্যায়ের একজন ক্রিকেটারের জন্য এমন স্থিরতা বিরল।
তিনি বলেন, ‘মুস্তাফিজের সবচেয়ে বড় গুণ ও খুব শান্ত। আইপিএলের চুক্তি নিয়ে যে বিষয় হলো- তখন যেভাবে সে স্থির ছিল, এটা অনেক দৃষ্টান্ত হয়ে থাকবে। ইন্টারন্যাশনালি কয়জন এটা পারবে আমার সন্দেহ আছে। আর ওর যে বিনয়, মানুষের সাথে যেভাবে মিশে, এটা অনেক বড় গুণ। ক্রিকেটার বা যেকোনো অ্যাথলেটের জন্য এটা গুরুত্বপূর্ণ। খেলাধুলা তো একটা সময় পর্যন্ত, এরপর মানুষ চিনবে হিউম্যান বিয়িং হিসেবে। এটা ওর মধ্যে ন্যাচারালি রয়েছে’
ক্রিকেটার হিসেবে সাফল্য যে চিরস্থায়ী নয়, সেটিই যেন মুস্তাফিজের আচরণে প্রতিফলিত হয়-এমনটাই মনে করেন নাফিস। মাঠের পারফরম্যান্স দিয়ে একজন খেলোয়াড় হয়তো তারকা হয়ে ওঠেন, কিন্তু ক্যারিয়ার শেষে মানুষ তাকে কীভাবে মনে রাখবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। আর মুস্তাফিজের ক্ষেত্রে সেই জায়গাটিই স্বাভাবিকভাবে তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।



