এ যেন বিনা মেঘে বজ্রপাত! আগাম ইঙ্গিত না দিয়ে হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম অবসরের ঘোষণা দিলেন। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফের ম্যাচে ভুটানের বিপক্ষে ঘোষিত ২৩ সদস্যের দলে নাম নেই তার। এই ক্ষোভেই এমন ঘোষণা দিলেন তিনি।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফের ম্যাচে মঙ্গলবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাতে ছিলেন না মামুনুল।
এমন অবহেলার জবাব দিতেই সরে দাড়াণেন এই মিডফিল্ডার। রাগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
এনিয়ে মামুনুল সংবাদমাধ্যমে বলেন, ‘গতকাল পর্যন্ত আমি জানতাম, ভুটানের বিপক্ষে খেলব। আজ শুনলাম আমি নেই। আমি অধিনায়ক। অনেক দিন ধরেই দেশের হয়ে খেলছি। আমার সঙ্গে একটু কথা না বলেই কোচ সিদ্ধান্ত নিলেন। আমি অপমানিত বোধ করছি। তাই সরে দাঁড়ালাম।’



