কোটি টাকার ক্রিকেটার, কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি! বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অর্থের এই হিসাব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে কি না, সেই প্রশ্ন তুললেন নামী ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হওয়ার সিদ্ধান্তকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সমর্থন জানালেও ঘরোয়া ক্রিকেটের দল গঠন প্রক্রিয়ায় পরিবর্তন চান তিনি। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নিলামের পরিবর্তে পয়েন্ট পদ্ধতিতে দল গঠনের প্রস্তাব দিয়েছেন এই সংগঠক।
আসন্ন মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। এর পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ডমেস্টিক-থ্রি বা ডি-থ্রি। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের নিলাম। ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা।
ডি-থ্রি নিলামে ক্রিকেটারদের মূল্য নির্ধারণের পদ্ধতি বেশ আলোচনায় এসেছে। সেই পদ্ধতিই এবার ঢাকা লিগে চালুর পক্ষে মত দিয়েছেন বাদল। তার মতে, ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি নির্ধারণ করে পয়েন্টের ভিত্তিতে দল গঠনের সুযোগ থাকলে ক্লাবগুলোর আর্থিক চাপ অনেকটাই কমে আসবে।
নিজের বক্তব্যে ডি-থ্রি নিলামের উদাহরণ টেনে লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক বলেন, ‘এই বোর্ডকে ধন্যবাদ দেই। ডি থ্রি করছে, ম্যাচ ফি দিয়ে। যদি বিপিএলেও নিলাম হয়, সাকিব-তামিমরা কিন্তু কোটি টাকায় বিক্রি হয়েছে। এবার ডি থ্রি নিলামে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বিক্রি হয়েছে। যে প্লেয়ার কোটি টাকায় বিক্রি হয়েছে, সেই প্লেয়ারই কোটি পয়েন্টে বিক্রি হয়েছে। তার মনমানসিকতা কী হবে চিন্তা করেন।’
কেন ডিপিএলেও এমন পদ্ধতি চান, সেটির ব্যাখ্যাও দিয়েছেন এই সংগঠক। তার মতে, ক্রিকেটারদের পারিশ্রমিক ও দল গঠনের ক্ষেত্রে পয়েন্ট পদ্ধতি চালু করা গেলে ক্লাবগুলোর বিপুল অর্থ সাশ্রয় সম্ভব। এ প্রসঙ্গে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ এই সংগঠক বলেন, ‘আমি বোর্ডকে অনুরোধ করব, ডিপিএলেও যদি পয়েন্ট সিস্টেম করে, তাহলে আমাদের কোটি কোটি টাকা তো বেঁচে যাবে। ম্যাচ ফি দিয়ে যদি ক্রিকেটারদের নিতে পারি। বোর্ডকে অনুরোধ করব ডিপিএলেও যেন পয়েন্ট দিয়ে দল গঠন করা যায়।’
গত আসরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গত বিপিএলে আমরা অনেক লস করেছি। ব্যবসা হিসেবে দেখলে লস হয়েছে, ব্যবসা হিসেবে এটা বন্ধ করা উচিত হয়েছে। আমার কাছে মনে হয়, ক্রিকেটারদের কথা চিন্তা করে বিপিএলকে অন্যভাবে (করতেও পারত)। গতবার ১-২ মাসের নোটিশে নতুন বোর্ড বিপিএল করেছে, এরপর অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি আগেও বলেছি আমাদের স্ট্রাকচারটাই ভালো না।’



