ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অপেক্ষার অবসান হচ্ছে না। সেপ্টেম্বরের নির্ধারিত সফর নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। নতুন করে সম্ভাব্য সময় হিসেবে সামনে এসেছে আগামী বছরের জানুয়ারি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সীমিত ওভারের সিরিজটি বছরের শুরুতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সেপ্টেম্বরে সিরিজ আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল নানা জটিলতা। এর মধ্যে ভারত সরকারের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা এখনও চলছে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সিরিজটি আয়োজনের জন্য আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় খুঁজছে। দুই পক্ষের এই তৎপরতায় সেপ্টেম্বরে সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা এখন অনেকটাই কমে এসেছে।
ভারতের বাংলাদেশ সফরটি মূলত হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। কিন্তু নির্ধারিত সময় যত এগিয়ে আসছে, সফরটি ততই অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
সেপ্টেম্বরের সূচিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের আরেকটি সিরিজ। বিসিবির পরিকল্পনা ছিল ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনের। কিন্তু একই সময়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত হয়েছে আফগানিস্তানের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
ফলে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের জন্য ভারতের সূচিতে জায়গা বের করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত সরকারের সঙ্গে বিসিসিআইয়ের চলমান আলোচনা। সব মিলিয়ে এখন জানুয়ারির সম্ভাবনাই তুলনামূলকভাবে জোরালো হয়ে উঠছে।
সফর নিয়ে বিসিবির অবস্থান অবশ্য আগের মতোই সতর্ক। বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে নিজের সীমাবদ্ধতার কথাও স্পষ্ট করেছেন তিনি। দুই বোর্ডের যোগাযোগ অব্যাহত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর।



