অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। ম্যাচের প্রায় প্রতিটি সেশনেই আধিপত্য দেখানো বাংলাদেশ পেয়েছে দেশের বাইরে আরও একটি স্মরণীয় জয়। এই জয়ের পর ক্রিকেটবিশ্বে প্রশংসাও কুড়িয়েছে লাল-সবুজের দল।
চোটের কারণে ডারউইন টেস্টে খেলতে পারেননি পেসার শরিফুল ইসলাম। তবে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়ে কাছ থেকে দেখেছেন বাংলাদেশের দুর্দান্ত জয়। ম্যাচ না খেললেও দলের এই সাফল্যে দারুণ খুশি শরিফুল। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সুযোগ এলে ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত তিনি।
ম্যাকাইয়ে সংবাদ সম্মেলনে দলের পরিবেশ ও সেখানকার আবহাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘অবশ্যই ডারউইনে যখন ছিলাম এখান থেকে বেশি গরম ছিল। এখানে আমাদের জন্য ভালো আবহাওয়া, কারণ দেশে অনেক গরম। সেই তুলনায় আমাদের জন্য উপযুক্ত। দীর্ঘ জার্নি বলব না, ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের ট্রানজিট বড় হয়ে গিয়েছে।’
ডারউইন টেস্টে বাংলাদেশের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শরিফুল বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভিতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত (ম্যাচ খেলতে), দেখা যাক যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ (ম্যাচ খেলব)।’
চোটের কারণে নিজেকে দুর্ভাগা মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘না আনলাকি না, যেটা হয় সেটা তো বলে কয়ে হয় না। যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। ইঞ্জুরির পর একটা কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয় শরীরের জন্য ভালো হয়েছে।’
দলের পেসারদের পারফরম্যান্সেও মুগ্ধ শরিফুল। তিনি বলেন, ‘অবশ্যই, পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিন বিভাগেই যখন ভালো করে তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি।’
সাবেক বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কথা হয়েছে বলেও জানান শরিফুল, ‘উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমাকে দিয়েছে বেস্ট অব লাক, ইঞ্জুরি থেকে ফিরেছো, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য।’
ডারউইন টেস্টে না খেলতে পারাকে আক্ষেপ হিসেবে দেখছেন না শরিফুল। বরং মাঠে থাকা সতীর্থদের জন্য সবসময় সমর্থন ছিল বলে জানান তিনি। শরিফুল আরও বলেন, ‘যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি আনলাকি, যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা যাতে সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি। আপনারাও মনে হয় অনেক বেশি খুশি হয়েছেন। এত বড় একটা জয় দেখতে পেরেছেন।’
অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশের প্রশংসা পাওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন শরিফুল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে এটা ভালো সাইন আমাদের জন্য। অবশ্যই, কোনো টিম কি চায় সিরিজ না জিতুক? আমরাও চাচ্ছি সিরিজ জিততে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।’
আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেই ম্যাচে নামবে বাংলাদেশ।



