জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে কাউন্টি দল কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ছাড়তে হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে কেন্টের হয়ে আর মাঠে নামতে পারবেন না হাসান। তার আগাম দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে হতাশা প্রকাশ করেছেন কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক। তবে বিসিবির সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও জানিয়েছেন তিনি।
কুক বলেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে হাসানকে হারানোয় তারা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির নেওয়া সিদ্ধান্তকে কেন্ট সম্মান করে। একই সঙ্গে বাংলাদেশের পেসারকে শীতের সূচির জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাবটি।
হাসানকে না পাওয়া কেন্টের জন্য বড় ধাক্কা হলেও শেষ দুই ম্যাচে দলের অন্য দুই বিদেশি বোলারকে পাওয়া যাবে। তাদের একজন বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদ। এ ছাড়া বিদেশি বোলার কিথ ডাজিয়নও দলের হয়ে খেলবেন।
কেন্টের ক্রিকেট পরিচালক বলেন, ‘হাসানকে আমরা খুব মিস করব। তবে আমাদের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদ শেষ দুই ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকবে।’
চলতি মৌসুমে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৩০ উইকেট নিয়েছেন তিনি। তার কার্যকর বোলিংয়ে দলের গুরুত্বপূর্ণ বোলারে পরিণত হন এই বাংলাদেশি পেসার।
তবে বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসের দলে থাকায় কাউন্টি মৌসুম শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হচ্ছে তাকে। হাসানের মৌসুমজুড়ে অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে কেন্ট। পাশাপাশি ভবিষ্যতে আবারও এই পেসারকে দলে স্বাগত জানানোর আগ্রহের কথাও জানিয়েছে ইংলিশ ক্লাবটি।



