ম্যাচের শেষ ওভার পর্যন্ত টিকে ছিল উত্তেজনা। একদিকে অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জীবিত অনূর্ধ্ব-১৯। ব্যাট-বলের জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত মাত্র ৪ রানের ব্যবধানে জয় তুলে নিল বাংলাদেশের যুবারা।
আজ রোববার জিডি ট্রফির ম্যাচটিতে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। কেউ কাউকে সামান্য ছাড়ও দেয়নি। ম্যাচ যত গড়িয়েছে, ততই বেড়েছে উত্তেজনা। শেষ পর্যন্ত চাপ সামলে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা দুই জয় দিয়ে শুভসূচনা করেছে তারা।
ম্যাচ শেষে তরুণদের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। তার কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি তরুণ ক্রিকেটারদের জন্য হয়ে উঠেছে বাড়তি অনুপ্রেরণার। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের কাছে অবশ্য তামিমের প্রশংসার চেয়েও বড় বিষয় ছিল তাকে কাছ থেকে দেখা।
ফয়সাল জানিয়েছেন, জাতীয় দলের হয়ে যাদের খেলা দেখে তারা ক্রিকেট শিখেছেন, তাদের একজনকে সামনাসামনি দেখার অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করেছে। ম্যাচ শেষে তামিম তাদের অভিনন্দন জানিয়ে মনে করিয়ে দিয়েছেন, অনূর্ধ্ব-২৩ দলটি এর আগে মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছিল এবং পরের ম্যাচে তারা আরও শক্তভাবে ফিরতে পারে।
তবে ম্যাচের কঠিন মুহূর্তগুলোতে নিজেদের ওপর বিশ্বাস হারায়নি অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক ফয়সালের ভাষায়, ম্যাচটি জেতা সহজ ছিল না। কিন্তু ভালোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে পারলে জয় সম্ভব-এই বিশ্বাসই শেষ পর্যন্ত কাজে দিয়েছে।
শেষ দিকে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আবদুর রাহিম। চাপের সময়ে তার কার্যকর বোলিং দলের জয় নিশ্চিত করার পথে বড় অবদান রাখে। রাহিমের বোলিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়কও।
এই জয়ের তাৎপর্য শুধু চার রানের ব্যবধানেই নয়। বয়সে বড় ও অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে চাপ সামলে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়া তরুণদের মানসিক দৃঢ়তারও প্রমাণ। বিশেষ করে ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনায় অটল থেকে জয় তুলে নেওয়া তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
জয়ের পর পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়ার বিষয়ে অবশ্য নিশ্চিত কোনো তথ্য জানেন না অধিনায়ক ফয়সাল। তিনি জানিয়েছেন, তামিম ইকবাল এমন পুরস্কার দেওয়ার কথা বলতে পারেন-এমনটাই তাঁদের জানানো হয়েছিল।



