এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এবার কোনো পদক জিততে পারল না বাংলাদেশ। জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে মঙ্গলবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে চতুর্থ হয়ে আসর শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর মধ্য দিয়ে এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও পদকহীন থাকল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল আশাব্যঞ্জক। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে পাকিস্তান। তবে এরপর দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলিং। পরের ছয় ওভারে মাত্র ২৩ রান তুলতেই পাঁচ উইকেট হারায় পাকিস্তান। ১১.৪ ওভারে ৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
সেখান থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড় করান অধিনায়ক ফাতিমা সানা ও আলিয়া রিয়াজ। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৬৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। ফাতিমা ৩০ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৫ রান করেন। আলিয়া করেন ২২ বলে ২৫ রান। ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে আসে ৩১ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন। স্বর্ণা ১৬, নাহিদা ২১ এবং রিতু ২৭ রান দিয়ে দুটি করে উইকেট পান। মারুফা আক্তার তিন ওভারে ২৬ রান দেওয়ার পর আর বোলিংয়ের সুযোগ পাননি।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারের মধ্যেই দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোশতারিকে হারায় তারা। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫ রান।
চতুর্থ উইকেটে নিগার সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা ৫৬ বলে ৪৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে জুটিতে রান ওঠে ধীরগতিতে। নিগার ৩০ বলে ২৫ রান করে ফিরে যাওয়ার পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়। অধিনায়কের বিদায়ের সময় ৩৯ বলে ৭৯ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।
এক প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শারমিন। ৪টি চারে ৪৫ বলে ৪৬ রান করেন তিনি। নাহিদা আক্তার শেষ দিকে ৬ বলে ১০ রান করেন। পুরো ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ। ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা মোট ৪৩টি ডট বল খেলেন।
পাকিস্তানের অফ স্পিনার উম্মে হানি বাংলাদেশের ব্যাটিংয়ের বড় বাধা হয়ে দাঁড়ান। চার ওভারে একটি মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান।
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের পদক জয়ের ইতিহাসও এবার থেমে গেল আরও এক ধাপ নিচে। ২০১০ ও ২০১৪ সালের আসরে ফাইনালে উঠে রুপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল তারা। এবার সেই পাকিস্তানের কাছেই হেরে পদকশূন্য থাকতে হলো বাংলাদেশকে।
এদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতির এটিই শেষ ম্যাচ হতে যাচ্ছে। এশিয়ান গেমস শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, এই টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছাড়বেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৮২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে, যার মধ্যে ৩২টিতে জয় এবং ৪৯টিতে হার এসেছে; একটি ম্যাচের ফল হয়নি।
সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হেরে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এরপর ব্রোঞ্জের লড়াইয়েও পাকিস্তানের কাছে হারায় এশিয়ান গেমসে নারী ক্রিকেটে এবার কোনো পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে নিগার-সুপ্তাদের।



