ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলে আবারও ফিরতে পারে পুরোনো সেই ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি। দীর্ঘদিন ধরে সরাসরি ক্রিকেটার রেজিস্ট্রি ও দলবদলের মাধ্যমে দল গঠন করে আসা ক্লাবগুলোর সেই প্রক্রিয়ায় এবার পরিবর্তনের আভাস মিলেছে। ২০২৭ সালের ডিপিএল সামনে রেখে ক্রিকেটারদের দলবদল নতুন কাঠামোয় নেওয়ার উদ্যোগ শুরু করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
একসময় ডিপিএলের দলবদলে বেশ পরিচিত ছিল প্লেয়ার্স বাই চয়েজ বা ড্রাফট পদ্ধতি। তবে ২০১৫-১৬ মৌসুমের পর সেটি আর চালু থাকেনি। এরপর থেকে ক্লাবগুলো নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করে দল সাজিয়ে আসছে।
এই পদ্ধতিতে প্রতিবছরই ১২ দলের মধ্যে শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকটি দল তারকা ও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়লেও অন্য কিছু দল তুলনামূলক দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে পুরো প্রতিযোগিতার লড়াইয়ে। এর সঙ্গে যুক্ত হয় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা এবং অর্থ পরিশোধে বিলম্বের অভিযোগ।
আসন্ন ঘরোয়া মৌসুমের আগে এসব বিষয় সামনে রেখেই ক্রিকেটারদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছিল মিঠুনের নেতৃত্বাধীন কোয়াব কমিটি। সেই আলোচনাতেই ২০২৭ সালের ডিপিএলে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি চালুর পরিকল্পনার কথা ক্রিকেটারদের জানানো হয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হবে একাধিক ক্যাটাগরিতে। ‘এ প্লাস’ দিয়ে শুরু হয়ে থাকবে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ এই ছয় শ্রেণি। তবে নির্দিষ্ট ক্যাটাগরির ক্রিকেটারকে বেছে নেওয়ার ক্ষেত্রে ক্লাবগুলোর পছন্দের সুযোগ থাকবে।
পারিশ্রমিকের কাঠামোতেও থাকছে বড় অঙ্কের প্রস্তাব। পরিকল্পনা অনুযায়ী ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ থেকে ৫০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে ৪০ লাখ এবং ‘সি’ ক্যাটাগরিতে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নির্ধারণের কথা ভাবা হচ্ছে। ‘ডি’ ক্যাটাগরিতে ১০ থেকে ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক থাকতে পারে।
শুধু দলবদলের পদ্ধতিতেই নয়, ক্রিকেটারদের মূল্যায়নেও কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটতে পারে ডিপিএল। একই সঙ্গে ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটার ভাগ করা হলে ক্লাবগুলোর দল গঠনের কৌশলেও আসতে পারে নতুন মাত্রা।



