ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। এতে নাম উঠবে ২৬৯ ক্রিকেটারের। আর এই নিলাম পরিচালনা করতে বাংলাদেশে আসছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাধিক আসরের নিলাম পরিচালনাকারী ভারতের বিখ্যাত অকশনার চারু শর্মা।
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে ডি থ্রি ট্রফির নিলাম পরিচালনা করবেন চারু শর্মা। ভারতের জনপ্রিয় এই উপস্থাপক ও সঞ্চালক দীর্ঘদিন ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত। তবে ক্রিকেটবিশ্বে তার পরিচিতি বেড়েছে মূলত আইপিএলের নিলাম পরিচালনার মধ্য দিয়ে। আইপিএলের বেশ কয়েকটি আসরে নিলাম পরিচালনা করে তিনি পেয়েছেন বিশেষ পরিচিতি।
ডি থ্রি ট্রফির এবারের নিলামে থাকছে ব্যতিক্রমী আয়োজন। সাধারণত ক্রিকেটারদের দলে নিতে নিলামে অর্থের অঙ্ক বাড়িয়ে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলগুলো। সর্বোচ্চ দরদাতা দলই পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পায়। তবে ডি থ্রি ট্রফিতে সেই চেনা পদ্ধতির বদলে ক্রিকেটার নির্বাচনে ব্যবহার করা হবে পয়েন্ট।
টুর্নামেন্টের প্রতিটি দলের জন্য নির্ধারিত থাকবে একটি পয়েন্ট পার্স। সেই বরাদ্দের মধ্যেই পুরো স্কোয়াড সাজাতে হবে দলগুলোকে। কোনো ক্রিকেটারের জন্য দর দিতে গিয়ে নির্ধারিত পয়েন্টের সীমা অতিক্রম করা যাবে না। ফলে পছন্দের ক্রিকেটারদের দলে নেওয়ার পাশাপাশি পুরো স্কোয়াডের ভারসাম্য রক্ষাও দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ডি থ্রি ট্রফির প্রতিটি দলকে ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। এরই মধ্যে দলগুলোর আইকন ক্রিকেটার নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলে নিলামে প্রতিটি দলের মূল লক্ষ্য থাকবে বাকি ২২ জন ক্রিকেটারকে দলে নেওয়া। নির্ধারিত পয়েন্টের মধ্যে থেকে সেরা সমন্বয় গড়ে তোলার লড়াইয়ে কৌশলী হতে হবে দলগুলোকে।
নিলামে সর্বোচ্চ মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন জাতীয় দলের একাধিক পরিচিত ক্রিকেটার। এই তালিকায় আছেন জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মুমিনুল হক, হাসান মাহমুদ, লিটন দাস, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাহিদ রানা, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।
‘এ’ ক্যাটাগরির বাইরে ক্রিকেটারদের আরও চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ২৬৯ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলাম ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
এর আগে ডি থ্রি ট্রফির আইকন ক্রিকেটার নির্বাচন ও কোচিং প্যানেলের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এবার ক্রিকেটারদের নিলামের মধ্য দিয়ে টুর্নামেন্টের দল গঠনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে। আইপিএলের নিলাম পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন চারু শর্মার উপস্থিতিতে আয়োজনটি বাড়তি আকর্ষণ পাবে বলে আশা করা হচ্ছে।



