বাংলাদেশ ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জরুরি পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, যাওয়ার আগে তিনি পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি অবহিত করেন এবং এটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সফর।
বিসিবি সভাপতির পরিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন। দায়িত্ব গ্রহণের পর নিয়মিত বিরতিতে সেখানে যাতায়াত করলেও গত দুই মাস টানা দেশে ছিলেন তিনি। এই সময়ে বোর্ডের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন ছিল বড় চ্যালেঞ্জ। অল্প সময়ের ব্যবধানে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করা বোর্ডের জন্য ছিল গুরুত্বপূর্ণ পরীক্ষা।
তবে সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু। ভারতের মাটিতে খেলা নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে বিকল্প ভেন্যুর দাবি তোলে বাংলাদেশ। এ নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ ও বৈঠক করতে হয়েছে বিসিবিকে। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রস্তাব নাকচ হয় এবং বিশ্বকাপে তাদের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।
এই টানাপোড়েনের মাঝেই এক দফা সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ দেশত্যাগের গুঞ্জন ছড়িয়েছিল। পরদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সেই জল্পনা উড়িয়ে দেন বুলবুল। এবার অবশ্য কোনো গুঞ্জন নয়, বোর্ডকে জানিয়েই সফরে গেছেন তিনি।
বোর্ড সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। তবে দায়িত্বশীল এই পদে থাকা একজন কর্তার বিদেশ সফর ঘিরে আবারও আলোচনা জমে উঠেছে ক্রিকেটাঙ্গনে।










Discussion about this post