মাঠে তখন রোদ। বাংলাদেশের ক্রিকেটাররা নেমেছেন ওয়ার্মআপে। দেখে বোঝার উপায় ছিল না, কিছুক্ষণ আগেও এই মাঠই ছিল বৃষ্টিতে ভেজা। কিন্তু ক্রিকেটের জন্য শুধু রোদ উঠলেই যে মাঠ প্রস্তুত হয়ে যায় না, নাগোয়ায় সেটিই আবার দেখা গেল।
বাংলাদেশ ও চীনের মধ্যকার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল শেষ পর্যন্ত মাঠেই গড়াল না। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা বুঝতে পারেন, আউটফিল্ড তখনো নিরাপদে ক্রিকেট আয়োজনের মতো অবস্থায় নেই। টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ না হওয়াটা অবশ্য বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত হয়ে উঠেছে স্বস্তির খবর। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাইলজ অনুযায়ী সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, চীন ৩৬-এ। ফলে মাঠে লড়াই না হলেও শেষ চারের লড়াইয়ে থাকছে নিগার সুলতানা জ্যোতির দল।
নাগোয়ায় গত কয়েক দিনের টানা বৃষ্টিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে। বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও আগের বৃষ্টির পানি ও স্যাঁতসেঁতে ভাব কাটেনি আউটফিল্ড থেকে। আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেও সবুজ সংকেত দিতে পারেননি।
বাংলাদেশের জন্য এমন পরিণতি অবশ্য একেবারে অপ্রত্যাশিতও ছিল না। সেপ্টেম্বর নাগোয়ার সবচেয়ে বৃষ্টিবহুল সময়গুলোর একটি। বৃষ্টির কারণে ম্যাচের আগেও পূর্ণ প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই আবহাওয়াই ম্যাচটিকে নিয়ে গেল পরিত্যক্ত হওয়ার পথে।
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের পদকের সঙ্গে পরিচয় নতুন নয়। আগের আসরগুলোতে দুবার রুপা ও একবার ব্রোঞ্জ জিতেছে দলটি। এবারও সেই পদকের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ-তবে প্রথম বাধাটি পেরোতে হলো ব্যাট-বল ছাড়াই।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় ভারত ও জাপান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলই ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াবে।



