আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। উদীয়মান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় আবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ‘এ’ দলকে লড়তে হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ‘এ’ দল ও হংকংয়ের জাতীয় দলের বিপক্ষে।
এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাতারের দুটি ভেন্যুতে। ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে গড়াবে টুর্নামেন্টের সব খেলা। প্রতিযোগিতাটির ফরম্যাট ৫০ ওভারের।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ‘এ’ দল ও হংকং রয়েছে। আর ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল খেলবে।
১৯ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং। একই দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। পরদিন ২০ নভেম্বর ‘বি’ গ্রুপে পাকিস্তান লড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর ভারত খেলবে নেপালের বিরুদ্ধে।
২১ নভেম্বর শ্রীলঙ্কা-হংকং ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই। ২২ নভেম্বর টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিনে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৩ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওই দিন আফগানিস্তান ও হংকংও মুখোমুখি হবে। ২৪ নভেম্বর ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল।
গ্রুপ পর্বের লড়াই শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সের।
উদীয়মান ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের এই মঞ্চে বাংলাদেশের ‘এ’ দলের সামনে থাকছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো প্রতিপক্ষের পাশাপাশি হংকংয়ের বিপক্ষেও ভালো ফল নিয়ে এগিয়ে যাওয়াই হবে বাংলাদেশের লক্ষ্য।



