আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ ক্রিকেটের দশম আসর। হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের। এরই মধ্যে টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আট সদস্যের এই প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের মাজহার উদ্দিন অমি।
নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে এবার নারীদের আধিক্যই বেশি। আটজনের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ। পুরুষ তিন ধারাভাষ্যকারের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মাজহার উদ্দিন। তার সঙ্গে রয়েছেন অন্বেষা ঘোষ, ম্যারিনা ইকবাল, বেদা কৃষ্ণমূর্তি, চারভি ভাট, সানা মির, ফারভেজ মাহারুফ ও আহমেদ রাজা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ইতোমধ্যে পরিচিত মুখ মাজহার উদ্দিন অমি। বিপিএল, ঘরোয়া ক্রিকেট এবং দেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে গত কয়েক বছরে নিয়মিত ধারাভাষ্য দিতে দেখা গেছে তাকে। বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও পরবর্তী সময়ে ক্রিকেট ছেড়ে ক্রীড়া সাংবাদিকতায় পেশাজীবন শুরু করেন মাজহার। দীর্ঘদিন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাংবাদিকতা করার পর এখন আন্তর্জাতিক অঙ্গনেও ধারাভাষ্যকার হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ারের শুরুর দিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও ধীরে ধীরে সেই বাধা পেরিয়ে নিয়মিত মুখ হয়ে উঠেছেন মাজহার। বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি এশিয়ার বিভিন্ন মঞ্চেও দেখা যাচ্ছে তাকে। এর আগে ২০২৫ সালে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলেও ছিলেন তিনি।
এদিকে নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। দুবাইয়ে নিগার সুলতানাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আট দলের এই আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে।



