টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে স্পিনারদের চেয়ে পেসারদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জয়য়ের সেই ম্যাচে নির্বাচক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন হান্নান। তার মতে, জয়য়ের পাঁচ উইকেট দেখে ডারউইনের উইকেটকে অতিরিক্ত টার্নিং ভাবার সুযোগ নেই। বরং সেদিন জয় কিছুটা অপ্রত্যাশিত সুবিধা পেয়েছিলেন। তাই আসন্ন টেস্টে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের চেয়ে নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদদের দায়িত্বই বেশি থাকবে।
হান্নান বলেন, জয়য়ের পাঁচ উইকেটের ম্যাচে উইকেট খুব বেশি টার্ন করেনি। স্পিনাররা রান নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারেন, তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে শুরুতেই উইকেট তুলে নেওয়ার দায়িত্ব থাকবে পেসারদের কাঁধে। তিনি মনে করেন, শুরুতে আঘাত হানতে না পারলে স্বাগতিকদের বড় সংগ্রহ ঠেকানো কঠিন হবে। যদিও মিরাজ ও তাইজুলকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ এবং বাংলাদেশের সেরা দুই স্পিনার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তবে খুব বেশি টার্ন পাওয়ার সম্ভাবনা দেখছেন না।
একই সঙ্গে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নের বিষয়েও সতর্ক করেছেন হান্নান। তার মতে, উইকেটে সামান্য টার্ন থাকলেও লায়ন বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। তাই স্পিন সহায়ক পরিস্থিতি তৈরি হলে দুই দলের স্পিনাররাই ম্যাচে প্রভাব ফেলতে সক্ষম।
অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার সম্ভাবনা নিয়ে হান্নান বাস্তবতাকেই সামনে এনেছেন। তার ভাষ্য, এই কন্ডিশনে বাংলাদেশের বোলারদের অভিজ্ঞতা তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার মতো পরিবেশে সঠিক লেন্থে ধারাবাহিকভাবে বল করতে আলাদা দক্ষতা প্রয়োজন, যা প্রচলিত কন্ডিশনের চেয়ে ভিন্ন। তাই অস্ট্রেলিয়াকে খুব অল্প রানে গুটিয়ে দেওয়া কঠিন হবে বলে মনে করলেও, ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকেতে।



